দলবদলের জন্য বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, বায়ার্ন মিউনিখ ছেড়ে আল নাসরে চুক্তি করছেন সাদিও মানে। এবার বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা নিশ্চিত করলো, সেনেগালিজ স্ট্রাইকার মিউনিখ ছাড়ার ব্যাপার আলাপ করছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবে চুক্তির খুব কাছে তিনি।
মাত্র এক মৌসুম শেষেই অ্যালিয়েঞ্জ এরেনা ছাড়ছেন মানে। জাপানে কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও তাকে রাখেনি বায়ার্ন। একই সঙ্গে নিশ্চিত করে, সৌদি ক্লাবে তার যাওয়ার গুঞ্জন সত্যি।
লিভারপুল ছাড়ার পর বায়ার্নে দুঃস্বপ্নের দিন কাটান মানে। ফর্মে তো ছিলেন না। ইনজুরি সমস্যা ছিল প্রায়ই। তাছাড়া সতীর্থ লেরয় সানের সঙ্গে ড্রেসিংরুমে হাতাহাতিও করেছেন তিনি।
কাওয়াসাকির বিপক্ষে প্রীতি ম্যাচে র লাইনআপ নিয়ে টুইট করতে গিয়ে বায়ার্ন লিখেছে, ‘সাদিও মানে ক্লাব পরিবর্তনের ব্যাপারে কথা বলছেন এবং আজকের স্কোয়াডে তিনি নেই।’








