লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে এসেছিলেন ভালো কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু ইনজুরি আর ড্রেসিংরুমে গণ্ডগোলে অ্যালিয়েঞ্জ এরেনায় থাকতে পারলেন মাত্র এক মৌসুম। সেনেগালিজ ফরোয়ার্ড যোগ দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে। বিদায়লগ্নে বললেন, বায়ার্ন ছেড়ে যেতে কষ্ট হচ্ছে তার।
সব মিলিয়ে সাড়ে তিন কোটি পাউন্ডে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করেছিলেন। বাভারিয়ার সঙ্গে মানের অভিষেক মৌসুম হতাশায় কেটেছে। ৩৮ ম্যাচে করেছেন মাত্র ১২ গোল। তবে ড্রেসিংরুমে সতীর্থ লেরয় সানের সঙ্গে মারামারি করার কারণে নিষিদ্ধ হওয়ার পর বায়ার্ন অধ্যায়ের ইতি টানতে বাধ্য হন। তাকে এই মৌসুমে বিক্রি করে দিতে উঠেপড়ে লাগে জার্মান চ্যাম্পিয়নরা। আল নাসরের প্রস্তাব পেয়ে আর দেরি করেনি।
আল নাসরে নজরকাড়া বেতন পাবেন মানে। বছরে তিন কোটি ৪০ লাখ পাউন্ড। কিন্তু বায়ার্নে এমন সমাপ্তি চানি তিনি। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড স্কাই জার্মানিকে বলেছেন, ‘এফসি বায়ার্ন ছাড়তে কষ্ট হচ্ছে আমার। অন্যভাবে শেষ চেয়েছিলাম। আমি জানি এই মৌসুমে দলকে সাহায্য করতে পারতাম। এই মৌসুমে সবাইকে সেটা প্রমাণ করে দিতে চেয়েছিলাম। যাই হোক, আমি ক্লাব ও ভক্তদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’
জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে দুবাইতে আছেন মানে। মঙ্গলবার কাগজপত্রে সাইন করে আনুষ্ঠানিকভাবে আল নাসরের হয়ে যাবেন তিনি।









