কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া এশিয়া সফরে ফের দুর্দশার মুখোমুখি হলো প্যারিস সেন্ট জার্মেই। একদিকে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে দলবদলের নানা গুঞ্জন চলছে, আরেকদিকে দলের ফলও পক্ষে নেই। টানা দুটি ম্যাচ হেরে গেলো তারা।
মঙ্গলবার টোকিওতে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে লিড নিলেও হেরে গেছে তারা ২-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভিতিনহার গোলে এগিয়ে যায় পিএসজি। কিন্তু শেষ ১০ মিনিটে সেবাস্তিয়ানো এসপোসিতো ও স্তেফানো সেনসির গোল করে চ্যাম্পিয়নস লিগের রানার্সআপদের জয় এনে দেয়।
নেইমার পিএসজির বেঞ্চে থাকলেও তাকে নামানো হয়নি। গত ফেব্রুয়ারিতে ডান গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে মাঠে নামেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মার্চে তার অস্ত্রোপচার হয়।
শুরুতেই এগিয়ে যেতে পারতো পিএসজি। দুর্ভাগ্য যে মার্কো আসেনসিওর শট পোস্টে লাগে এবং বল ফিরে সরাসরি ইন্টার কিপার ফিলিপ স্তাঙ্কোভিচের হাতে লাগে। কিছুক্ষণ পর আশরাফ হাকিমির ফ্রি কিক গোলবারের ওপর দিয়ে যায়।
পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মার প্রথম পরীক্ষা নেন হাকান কালহানোগলু। ম্যাচে আধিপত্য বিস্তারের ধারাবাহিকতায় বিরতির পর গোলের খুব কাছে ছিলেন ভিতিনহা। অবশ্য পাঁচ মিনিট পর আর ভুল করেননি। বক্সের মধ্যে জায়গা খুঁজে নিয়ে স্তাঙ্কোভিচকে কোনও সুযোগ দেননি পর্তুগিজ মিডফিল্ডার।
৮১তম মিনিটে এসপোসিতো গোল শোধ দেন। দুই মিনিট পরই সেনসি ঠাণ্ডা মাথায় ব্যাকপোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। ভিতিনহা সমতা ফেরানোর শেষ সুযোগ নষ্ট করেন ফ্রি কিক গোলবারের ওপর দিয়ে মেরে।
জাপান সফরে এটাই ছিল পিএসজির শেষ ম্যাচ। এর আগে আল নাসরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর সেরেজো ওসাকার কাছে ৩-২ গোলে হেরে যায়।
পিএসজির পরের গন্তব্য সাউথ কোরিয়াতে। কে লিগ দল জিওনবুক হুন্দাই মটর্সের মুখোমুখি হবে তারা।
আগামী ১২ আগস্ট লরিয়েতেঁর বিপক্ষে ঘরের মাঠে লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করবে চ্যাম্পিয়নরা।








