ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ক্লাবের একটি ইস্টবেঙ্গল। গতকাল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি ১০৪তম বর্ষে পদাপর্ণ করেছে। এমন উপলক্ষকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের ৫জনকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। যার মধ্যে ৪জনই ছিলেন ফুটবল অঙ্গনের। সাবেক তিন ফুটবলারের সঙ্গে একজন ক্রীড়া সংগঠক। তারা হলেন- শেখ মো. আসলাম, প্রয়াত মোনেম মুন্না, গোলাম গাউস ও আবাহনীর হারুনুর রশিদ। আরেকজন হলেন সংগীত শিল্পী মেহরীন মাহমুদ।
বিশেষ সম্মান নেওয়ার জন্য যখন সঞ্চালক প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবারের সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ করলেন, তখন পুত্রকে নিয়ে আস্তে আস্তে মঞ্চের দিকে হাঁটলেন মুন্না পত্নী ইয়াসমিন মোনেম। মঞ্চে উঠতেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হাততালির আওয়াজে তৈরি হল এক আবেগঘন পরিবেশ। মঞ্চে দাঁড়িয়ে থাকা দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসও হাততালি দিয়ে বাংলাদেশের মেহমানকে স্বাগত জানাচ্ছিলেন স্বতঃস্ফূর্তভাবে।
তিন দশক আগে বাংলাদেশের এই মুন্না ইস্টবেঙ্গলে খেলতে এসে এপার বাংলার ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। ক্লাবে তার অবদানের কথা ভুলে যাননি ইস্টবেঙ্গল কর্তারা। আর ভুলে যাননি বলেই বুধবার ইস্টবেঙ্গলের ১০৪তম জন্মদিনে ইয়াসমিন, গাউস, আসলামদের সম্মানে-আবেগে ভাসালেন কর্তারা। একে একে ইয়াসমিন, গোলাম গাউস, শেখ মোহাম্মদ আসলাম, আবাহনী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং সংগীত শিল্পী মেহরীনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হল।
এদিনের অনুষ্ঠানে আরও একটি ঘটনায় আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার নেওয়ার সময় প্রখ্যাত গোলরক্ষক তরুণ বসুকে ধরে মঞ্চে নিয়ে গেলেন আর এক বিখ্যাত গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি। মঞ্চে তখন পুরস্কার তুলে দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন আরেক গোলরক্ষক এবং এআইএফএফের বর্তমান সভাপতি কল্যাণ চৌবে।
ইস্টবেঙ্গলের ১০৪ তম জন্মদিনে বিকাল থেকেই প্রবল বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে শামিল হলেন এক ঝাঁক প্রাক্তন ফুটবলার থেকে ক্রীড়া প্রশাসক, মন্ত্রীরা। কে আসেননি? মন্ত্রীদের মধ্যে হাজির ফিরহাদ হাকিম, সুজিত বসু, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়। এসেছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, সচিব সাজি প্রভাকরণসহ অন্যান্য পদাধিকারীরা। ছিলেন আইএফএ সচিব ও সভাপতি অনির্বান দত্ত, অজিত ব্যানার্জি। মোহনবাগান ও মোহামেডান থেকে শুভেচ্ছা জানিয়ে গেলেন স্বপন ব্যানার্জি, কামারউদ্দিন এবং ইসতিয়াক আহমেদ। ছিলেন আইপিএল কাউন্সিল কমিটির সদস্য অভিষেক ডালমিয়া, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। আরও ছিলেন ইস্টবেঙ্গলের বর্তমান দুটি দলের ফুটবলার এবং কোচেরা। অনুষ্ঠানের শুরু ও শেষে গান গেয়ে আসর মাতিয়েছেন বাংলাদেশের সংগীত শিল্পী মেহরীন।









