কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে বিরাজমান অস্থিরতার কারণে এবং ফুটবল অ্যাডভাইজার লুইস কাম্পোসকে ছাঁটাইয়ের গুঞ্জনে পিএসজি কোচ লুইস এনরিকে নাকি চলে যাওয়ার কথা ভাবছেন। প্যারিসে তার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা নিয়ে গুঞ্জনের ডালপালা বেশি মেলতে দিলেন না স্প্যানিশ কোচ। জবাবটা তিনি দিলেন সোশ্যাল মিডিয়ার পোস্টে।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এনরিকে। পিএসজির সাপোর্ট স্টাফদের সঙ্গে গভীর মনোযোগ দিয়ে আলোচনা করছেন তিনি। আর ছবির নিচের দিকে লেখা, ‘সকলের জন্যে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের জন্যে।’ এই পোস্টের নিহিত অর্থ বুঝতে বাকি নেই যে, তার ভবিষ্যৎ ঘিরে চলা অনিশ্চয়তা গুঞ্জন ছাড়া আর কিছুই নয়।
দলবদলের জন্য নির্ভরশীল বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিয়ে কথা বলেন ক্লাবটির এক মুখপাত্রের সঙ্গে। তিনিও এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, খবরটি একেবারে ভিত্তিহীন। ওই সূত্রের বক্তব্য তুলে ধরেন ওই সাংবাদিক, ‘আজকের গুঞ্জনগুলো হাস্যকর। এসব একেবারেই ভিত্তিহীন।’
বৃহস্পতিবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছিল, এমবাপ্পের দলবদল নিয়ে অস্থিরতার কারণে নিজেই সরে দাঁড়ানোর চিন্তাভাবনা করছেন এনরিকে। সম্প্রতি বার্সেলোনা থেকে উসমান দেম্বেলে পিএসজিতে যুক্ত হওয়ায় স্কোয়াড শক্তিশালী হলেও বড় ধরনের অস্থিরতা কেটে যাওয়ার কোনও আভাস পাওয়া যাচ্ছে না। এনরিকেও এসবে অভ্যস্ত নয়।
তাছাড়া লে পেরিসিয়ান-এর দাবি, আগস্টের শেষ দিকে ফুটবল অ্যাডভাইজার লুইস কাম্পোসকে ছাঁটাই করা হবে। তার বরখাস্তের আভাস এনরিকের ভবিষ্যৎ নিয়ে জোরেশোরে গুঞ্জন তুলেছে।








