পর্তুগালের গনসালো রামোসের কথা ভুলে যাওয়ার কথা নয় কারও। কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে খেলার সুযোগ দেওয়া হয়েছিল তাকে। ওই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমেছিলেন তিনি। তার পর তো বাকিটা ইতিহাস! তার হ্যাটট্রিকেই পর্তুগাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। নিজের প্রথম বিশ্বকাপে আলোড়ন ফেলে দেওয়া এই রামোসকে বেনফিকা থেকে ধারে এক বছরের জন্য দলে নিয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।
ধারে নিলেও চুক্তিতে আবার কিনে নেওয়ার অপশনটাও রাখা আছে। ফলে লিগ ওয়ান জায়ান্টরা চাইলে পরে তাকে কিনে রেখে দিতে পারবে।
বেনফিকার একাডেমিতে ১২ বছর বয়সে যোগ দেন রামোস। তার পর ক্লাবটিতে অভিষেক ২০২০ সালে। পর্তুগিজ চ্যাম্পিয়নদের হয়ে তার পর ১০৬ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৪১টি। ১৬টি অ্যাসিস্টও আছে।
এই চুক্তির পর ২২ বছর বয়সী রামোস বিবৃতিতে নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পিএসজিতে যোগ দেওয়া ভীষণ গর্ব ও আনন্দের। বিশ্বের অন্যতম সেরা একটি দল নিয়ে পিএসজি বিশ্বের বৃহত্তম একটি ক্লাব।’









