নারী ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়েছে কলম্বিয়া। জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল।
শেষ ষোলোয় দক্ষিণ আমেরিকান দলটি একমাত্র গোলটি পেয়েছে ৫১ মিনিটে। অধিনায়ক কাতালিনা উসমে করেছেন জয়সূচক গোল। শেষ আটে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
অথচ পুরো টুর্নামেন্টে জ্যামাইকা চমক দেখিয়েছিল। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নেমে এবারই প্রথম নাম লেখায় নকআউটে। শুধু কি তাই? এই ম্যাচের আগে একটি গোলও তারা হজম করেনি! এই ম্যাচও জমজমাট রাখার চেষ্টা করেছে। বিশেষ করে প্রথমার্ধেই ভারি ট্যাকলে চাপে রেখেছিল কলম্বিয়াকে। শটের তুলনায় এই অর্ধে ফাউলের সংখ্যাই ছিল বেশি। বলতে গেলে জ্যামাইকার শরীর নির্ভর ফুটবলে বিরক্ত হয়ে পড়েন রেফারিও। ৫ মিনিটে বের করেছেন দুটি হলুদ কার্ড! পরিষ্কার সুযোগটি আসে ৩৮ মিনিটে। কলম্বিয়া গোলের সুযোগ পেয়েও সেটি মেরেছে লক্ষ্যের ওপর দিয়ে।
বিরতির পর গোলমুখ উন্মুক্ত হয়েছে আনা মারিয়া গুজমানের কল্যাণে। ১৮ বছর বয়সী ফুল ব্যাকের জায়গা মতো দেওয়া লং ক্রস থেকেই বাম পায়ের শটে জাল কাঁপিয়েছেন উসমে। তিন মিনিট পর জ্যামাইকার সুবর্ণ সুযোগ ছিল সমতা ফেরানোর। কিন্তু মিডফিল্ডার জডি ব্রাউনের হেড জাল কাঁপাতে পারেনি।









