এফসি ডালাসের বিপক্ষে লিওনেল মেসির ইন্টার মায়ামি প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলেছিল। আমেরিকায় আর্জেন্টাইন তারকা বাকি চার ম্যাচই খেলেছেন তার ক্লাব মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে। লিগ কাপের সেমিফাইনাল পড়েছে প্রতিপক্ষের মাঠে, আর সেই ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে মাত্র ৮ মিনিটেই!
আগামী ১৬ আগস্ট বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ফিলাডেলফিয়া ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি। গ্রুপ ও নকআউট মিলিয়ে পাঁচ ম্যাচেই মেসি করেছেন গোল, মোট আটটি। সেই ধারাবাহিকতার আশা করেই আবারও এলএমটেনের জাদু দেখতে উদগ্রীব ভক্তরা।
পেনসিলভানিয়ার সুবারু পার্কে হবে ফাইনালে ওঠার লড়াই, যার ধারণক্ষমতা সাড়ে ১৮ হাজার। গ্যালারি যে কানায় কানায় পূর্ণ থাকবে তা বলার অপেক্ষা রাখে না। শুরু থেকেই মেসিকে দেখার বাসনা আমেরিকানদের মাঝে প্রবল।
এর আগে এফসি ডালাসের বিপক্ষে মায়ামি ম্যাচের টিকিট মাত্র ১০ মিনিটে শেষ হয়ে যায়। দুর্দান্ত ফর্মে থাকা মেসির দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচের টিকিট ফুরিয়ে গেলো আরও কম সময়ে।








