এএফসি কাপের প্লে অফ ম্যাচে বুধবার মালদ্বীপের ক্লাব ঈগলসের মুখোমুখি হবে ঢাকার জায়ান্ট আবাহনী লিমিটেড। শুক্রবার মালদ্বীপের অন্যতম সেরা দলটি সিলেটে পোঁছালেও আজ সোমবার আকাশী-নীল জার্সিধারীরা সেখানে গিয়ে বিকালে অনুশীলনও সেরে নিয়েছে। তবে আশার কথা, বৃষ্টি না হওয়ায় জীবন-হৃদয়দের অনুশীলনটা দারুণ হয়েছে।
সোমবার দুপুরে সিলেটে গেছে আবাহনী। বিকালে জেলার বিকেএসপির টার্ফে ঘাম ঝরিয়েছে সবাই। মারিও লেমস শেষ মুহূর্তের ট্যাকটিসটা সেরে নিয়েছেন। অনুশীলন শেষে বাংলা ট্রিবিউনকে পর্তুগিজ কোচ বলেছেন, ‘মনে করেছিলাম বৃষ্টিতে অনুশীলন করতে হতে পারে। কিন্তু আকাশ উজ্জ্বল ছিল। বৃষ্টি হয়নি। অনুশীলনটা ভালো হয়েছে।’
আবাহনীতে আপাতত ১০ জন বিদেশি ফুটবলার আছে। ম্যাচের দিন একাদশে ৬ জন খেলতে পারবে। তবে কোন ৬ জন তা এখনও ঠিক হয়নি। দলের সঙ্গে সবাইকে পরখ করে দেখা হচ্ছে। লেমস বলেছেন, ‘এখনও দেখছি কাদেরকে খেলানো যায়। যাকে যে পজিশনে মানানসই, তাদেরকে সেভাবে খেলানো হবে।’
আবাহনীর আগে ক্লাব ঈগলস অনুশীলন করে গেছে সিলেট বিকেএসপির টার্ফে।








