গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে অনন্য অবদান রেখেছিলেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান মিডফিল্ডারের কাছ থেকে এবারও বড় প্রত্যাশা ছিল পেপ গার্দিওলার। কিন্তু শুরুতেই ধাক্কা খেলেন তিনি। চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন ডি ব্রুইনা।
গত শুক্রবার বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগে ম্যানসিটির প্রথম ম্যাচে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ডি ব্রুইনা। ৩২ বছর বয়সী মিডফিল্ডার খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। গত জুনে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে একই চোট পান তিনি।
সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের আগে গার্দিওলা তার মাঝমাঠের প্রাণভোমরাকে নিয়ে আশঙ্কার কথা জানান, ‘এটা গুরুতর ইনজুরি। কয়েকদিনের মধ্যে অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাতে করে তাকে হয়তো তিন বা চার মাস মাঠের বাইরে দেখবো আমরা।’
গত মৌসুমে সিটিজেনদের প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ে ডি ব্রুইনা ১০ গোল করেন এবং করান ৩১টি।









