মেয়েদের বিশ্বকাপ ট্রফি জয়ের পর আনন্দের আতিশায্যে খেলোয়াড়ের ঠোঁটে চুমু দিয়ে তোপের মুখে পড়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। পরে তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু তাকে কোনও ছাড় দেওয়া হচ্ছে না। জেনি হারমোসোকে চুমু দেওয়ার কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। বেশ কয়েকটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, সমালোচনার মুখে শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন স্পেনের ফুটবল প্রধান।
ইংল্যান্ডকে ১-০ গোলে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। পরে ক্রীড়ামন্ত্রীর দাবির মুখে ক্ষমা চান তিনি। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ক্ষমা চাওয়া কিংবা দুঃখ প্রকাশ যথেষ্ট নয়। চাপের মুখে তাকে তার পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।
৪৬ বছর বয়সী রুবিয়ালেস ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার মেয়াদ বিতর্ক ও বড় বড় সিদ্ধান্ত হয়েছে। কাজে যোগ দেওয়ার কয়েক মাস পর বিশ্বকাপের ঠিক আগে স্পেন কোচ জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করেন। কারণ টুর্নামেন্ট শেষ করার পরই রিয়াল মাদ্রিদে যাওয়ার আগাম চুক্তি করেন ওই কোচ।
তার চাচা ও পরিষদের সাবেক ডিরেক্টরের অভিযোগ, সেক্স পার্টিতে ফেডারেশনের অর্থ ব্যবহার করেন রুবিয়ালেস। এছাড়া ফেডারেশনের অর্থে এক নারীকে নিউ ইয়র্ক ভ্রমণে নেওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে সঙ্কট তৈরি হয়, যখন নারী জাতীয় দলের ১৫ খেলোয়াড় জানান, ফেডারেশনের সহযোগিতার অভাব ও কোচিং টিম সংশ্লিষ্ট সমস্যার কারণে তারা স্পেনের জার্সিতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।








