বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টাইন ফুটবলে পা রাখলেন স্মরণীয় পারফরম্যান্সে। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োর জার্সিতে প্রথম ম্যাচেই গোল করেছেন তিনি। জার্মিনালের বিপক্ষে তার দলও জিতেছে ২-১ গোলে।
বাংলাদেশের অধিনায়ককে ‘ওয়েলকাম জামাল’ ব্যানারে স্বাগত জানায় সোল দে মায়ো। ক্লাবকে হতাশ করেননি জামাল। পেনাল্টি থেকে গোল করেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার।
রবিবার প্রথমার্ধে রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে সোল দে মায়ো। তবে অফসাইডে সেই গোল বাতিল হলে স্বস্তির নিশ্বাস ফেলে তারা। শেষ পর্যন্ত ৩০ মিনিটে তারাই এগিয়ে যায়। ফার্নান্দো ভালদেবেনিতোর গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সোল দে মায়ো।
খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ডিবক্সে প্রতিপক্ষের ফাউল। তাতে পেনাল্টি পায় সোল দে মায়ো। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন জামাল। দুই গোলের লিড ধরে রাখতে পারেনি তারা। ৮৭ মিনিটে জার্মিনালের গ্যাব্রিয়েল ওব্রেডর গোল শোধ দেন। তবে ঠিকই জিতে মাঠ ছেড়েছে সোল দে মায়ো।
এই জয়ে ২৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে নিজেদের লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠলো জামালের দল। ২৪ পয়েন্ট নিয়ে জার্মিনাল সাতে।









