দেশের ফুটবলে আর কোনও ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, এই নিশ্চয়তা দেওয়ার পর শ্রীলঙ্কান ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা। মঙ্গলবার স্থানীয় ফেডারেশন এই খবর জানায়।
ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কা (এফএফএসএল) বলেছে, জানুয়ারিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে ফিফার কাছ থেকে একটি চিঠি পেয়েছে তারা।
আগামী মাসে এফএফএসএল নতুন নির্বাচন আয়োজন করতে যাচ্ছে এবং ক্রীড়া মন্ত্রণালয় আশ্বস্ত করেছে ফেডারেশনের কোনও কার্যক্রমে সরকারি হস্তক্ষেপ থাকবে না- এই দুটি শর্তে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে ফিফা ওই চিঠিতে লিখেছে।
স্থানীয় বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘ফিফা ও এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারশন) ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর হতে যাওয়া নির্বাচন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।’
গত মে মাসেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করে রাগবির বিশ্ব সংস্থা।








