প্রথমার্ধে বল পায়ে রেখে আফগানিস্তানের রক্ষণে চড়াও হয়ে খেলেছে বাংলাদেশ। তবে দুর্ভাগ্য আক্রমণ করেও কোনও গোল পায়নি। ফিফা র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে গোলশূন্য স্কোরলাইন রেখেই ড্রেসিংরুমে গেছে দুই দল।
বসুন্ধরা কিংস অ্যারেনাতে আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হলো। ম্যাচের শুরু থেকে হাইলাইন ডিফেন্স রেখে খেলেছে হাভিয়ের কাবরেরার দল। অভিজ্ঞদের নিয়েই একাদশ সাজিয়েছেন স্প্যানিশ কোচ।
ম্যাচ ঘড়ির ৭ মিনিটে বাংলাদেশ প্রথম সুযোগ পায়। রাকিবের ক্রসে জামাল কিংবা মোরসালিন বক্সের ভেতরে জায়গা মতো থাকতে পারলে গোলের সুযোগ ছিল। ১৮ মিনিটে বক্সের ভেতরে থেকে মোরসালিনের জোরালো শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।
চার মিনিট পর শেখ মোরসালিনের দারুণ এক পাসে বক্সের ভেতরে রাকিব বল পেয়ে লক্ষ্যে শট নিলেও ডিফেন্ডার মোসায়ের আহাদি তা স্লাইড করে আটকে দিয়ে গোল হতে দেননি।
২৬ মিনিটে আফগানরা প্রথম সুযোগ পায়। মোসায়ের ওয়াহেদির ক্রসে মোহাম্মদ নোমার শট তারিক কাজী ব্লক করে জিকো পর্যন্ত বল যেতে দেননি।
৪৩ মিনিটে অমিদ প্রোপাজাইয়ের অনেক দূর থেকে নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে যায়।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, ইসা ফয়সাল, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।









