ঐতিহ্যগতভাবে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখা যায় না বার্সেলোনায়। কিন্তু গতকাল সেল্টা ভিগোর বিপক্ষে তারা যা করে দেখালো। তাতে নতুন চরিত্রের বার্সার দেখা মিলেছে। দুই গোলে পিছিয়ে পড়েও তারা ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছেড়েছে। দৃঢ়চেতা মানসিকতায় শেষ পর্যন্ত হাল না ছেড়ে দেওয়ার এই গুণের জন্য শিষ্যদের প্রশংসা ভাসিয়েছেন কোচ জাভি হার্নান্দেস।
৮০ মিনিট পর্যন্ত ২-০ তে এগিয়ে ছিল সেল্টা। ১৯ ও ৭৬ মিনিটে গোল করে তারা এগিয়ে গেছে। বার্সা যখন পরাজয়ের দ্বারপ্রান্তে। তাও আবার নিজেদের ঘরের মাঠে! ঠিক তখনই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। ৮১ ও ৮৫ মিনিটে জোড়া গোলে ম্যাচে সমতা ফেরান রবের্ত লেভানডোভস্কি। ৮৯ মিনিটে জয়সূচক গোলে জাল কাঁপান জোয়াও কানসেলো। তাতে লা লিগায় ৫০তম জয়ের মাইলফলক পূরণ করেছেন জাভি।
ম্যাচের পর তাই বার্সা কোচের সরল স্বীকারোক্তিটা ছিল এমন, ‘দেখুন ঐতিহ্যগতভাবে আমরা এমন মানসিকতার নই। কিন্তু এই বৈশিষ্ট্য এটাই প্রমাণ করে যে প্রজন্মগত একটা পরিবর্তন এসেছে। ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও তারা হাল ছেড়ে দেয়নি।’
নতুন প্রজন্মের এই চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করে জাভি বলেছেন, ‘আমার মনে হয় এই প্রজন্ম শেষ পর্যন্ত লড়াই করতে জানে। আজকে যা হলো তা মূলত বিজয়ী চরিত্রের একটি অসাধারণ মোড় ঘুরিয়ে দেওয়া পর্যায়ের উদাহরণ।’









