দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াইয়ে বাজে যুদ্ধের দামামা। গত মঙ্গলবার সত্যিই যেন যুদ্ধ লেগেছিল। মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থকদের সহিংস আচরণ, তাদের নিয়ন্ত্রণে রাখতে পুলিশের লাঠিচার্জও হয়। আর মাঠেও যুদ্ধাংদেহী ছিল ব্রাজিলিয়ান খেলোয়াড়রা, ২৬টি ফাউল করেন তারা। এই অপ্রীতিকর ঘটনাগুলোর কারণে দুই দলকেই অভিযুক্ত করে তদন্তে নেমেছে ফিফা।
আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সমর্থকদের উত্যক্ত করা এবং দেরিতে খেলা শুরুর অভিযোগ আনা হয়েছে। আর খেলায় নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে অভিযুক্ত হয়েছে ব্রাজিলিয়ান ফেডারেশন।
তদন্তে দোষী সাব্যস্ত হলে কী শাস্তি হতে পারে, সেটা জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, সীমিত কিংবা পুরোপুরি দর্শকশূন্য মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে হতে পারে দুই দেশকে।
কবে তদন্ত শেষ হবে কিংবা শাস্তি দেওয়া হবে, সেই সময় জানায়নি ফিফা। আগামী বছর সেপ্টেম্বরে পরবর্তী বিশ্বকাপ বাছাই খেলবে দুই দল। ব্রাজিল স্বাগত জানাবে ইকুয়েডরকে, আর আর্জেন্টিনা চিলিকে।
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার দিন জাতীয় সঙ্গীতের সময় বিশৃঙ্খলার শুরু। আর্জেন্টাইন সমর্থকদের পুলিশ লাঠিপেটা করলে লিওনেল মেসিরা তাদের শান্ত করতে যান। পরিস্থিতির অবনতি হলে তারা ড্রেসিংরুমে ফিরে যান এবং ২৭ মিনিট পর খেলা শুরু করেন। ৯০ মিনিটের খেলা শেষে প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে হারের তেতো স্বাদ পায় ব্রাজিল।









