২০১৮ ও ২০২২ ফুটবল বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়া ও কাতারেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ফিফার নতুন নির্বাচিত সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো।
২০১০ সালের ডিসেম্বরে জুরিখে অনুষ্ঠিত বিতর্কিত ভোটের মাধ্যমে রাশিয়া ও কাতার পরবর্তী দুই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে। আর এই দুটি টুর্নামেন্টের স্বত্ব প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে বিতর্ক ওঠায় সুইস তদন্তকারী সংস্থা পুরো বিষয়টি তদন্তের দায়িত্ব নেয়।
সভাপতি নির্বাচিত হওয়ার পর জুরিখে ফিফার সদর দপ্তরে প্রথমবারের মতো প্রবেশ করেই এ প্রসঙ্গে কথা বলেন গিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘রাশিয়া ও কাতারেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।’
গত মার্চে ফিফার কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপ জুন মাস থেকে সরিয়ে ডিসেম্বরে শীতকালে অনুষ্ঠিত হবে। মূলত তাপমাত্রার বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছিল ফিফার টাস্ক ফোর্স। যার প্রধান ছিলেন ফিফার সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী বাহরাইনের শেখ সালমান।
/এফআইআর/








