সর্বশেষ ৬টি লিগ ম্যাচের একটি জিতে শিরোপা লড়াইয়ে নিজেদের হারিয়ে ফেলেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু এভারটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে তারা সতর্কবার্তা দিয়ে রাখলো প্রতিদ্বন্দ্বীদের। দারুণ এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ চারে ফিরেছে পেপ গার্দিওলার দল।
খেলার ধারায় ২৯ মিনিটেই ম্যানসিটিকে স্তব্ধ করে দিয়েছিল এভারটন। ক্লোজ রেঞ্জের শটে গোল করেন জ্যাক হ্যারিসন। দ্বিতীয়ার্ধের পরেই অবশ্য ম্যাচে ফেরে সিটি। ৫৩ মিনিটে তাদের হয়ে একটি গোল শোধ দেন ফোডেন। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ২-১ করেন হুলিয়ান আলভারেজ। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ডের ভুলে তৃতীয় গোলটি পায় সিটিজেনরা। বল ক্লিয়ার করতে গিয়েও সেটি ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি পিকফোর্ড। বল যায় তাদের এক ডিফেন্ডারের পায়ে। কিন্তু তিনিও ঠিকমতো সেটি ক্লিয়ার করতে ব্যর্থ হন। এই সুযোগে বল দখলে নিয়ে জাল কাঁপিয়ে দেন পর্তুগিজ তারকা সিলভা।
এই জয়ের পর ৩৭ পয়েন্ট নিয়ে টটেনহামকে টপকে চারে উঠেছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা।
অথচ বড় দিনের আগে টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযান বড় হুমকির মুখে পড়েছিল। অ্যাস্টনভিলার কাছে হার ছাড়াও ড্র করে টটেনহাম ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। তার ওপর বড় ধাক্কা হয়ে আসে প্রাণভোমরা আর্লিং হাল্যান্ডের চোট। অবশেষে তারা ঘুরে দাঁড়িয়ে স্বস্তির জয় পেয়েছে।
এদিকে, জয়ের ধারায় ফিরেছে চেলসি। তারা ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে টেবিলের শীর্ষ দশে উঠেছে। চেলসির পয়েন্ট ২৫।









