বাবা-মা বাংলাদেশি হলেও জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। সেখানেই বেড়ে উঠা। পড়াশোনার পাশাপাশি ফুটবলে হাতেখড়িও ওখানে। দাদার বাড়ি ময়মনসিংহে। সময়ের ব্যবধানে ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক। এখন পর্যন্ত খেলছেন, করছেন অধিনায়কত্ব। তবে অবাক করা ব্যাপার হলো, ৩৩ বছর বয়সী জামাল ডেনমার্ক কিংবা বাংলাদেশের কোনও নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি!
এমন কথা জেনে অনেকেই ভ্রু কুঁচকালেও এটাই সত্যি কথা। জামাল নিজেই এক প্রশ্নের উত্তরে এমন কথা জানিয়েছেন। খেলার কারণে জামালকে বাংলাদেশ ছাড়াও একেক সময় একেক জায়গায় থাকতে হয়। যে কারণে ভোটের সময় ভোটাধিকার প্রয়োগ করার সময় সুযোগ পাননি।
এবারও ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হারাচ্ছেন। বর্তমানে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের দল সোল দা মায়োর হয়ে খেলা জামাল ডেনমার্কে ছুটি কাটাচ্ছেন।
বাংলাদেশ অধিনায়ক সেখান থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খেলার ব্যস্ততার কারণে আমার এখনও ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হয়নি, সেটা ডেনমার্ক কিংবা বাংলাদেশের কোথাওই। ৭ জানুয়ারি নির্বাচনেও ভোট দিতে পারছি না। আসলে ভোটের সময় একেক জায়গায় থাকার কারণে ভোট দেওয়া হয়নি।’
তবে জামাল সামনে সুযোগ পেলে ভোট দিতে চান, ‘অবশ্যই আমি ভোট দিতে চাই। সামনে যখনই সুযোগ পাবো ভোট দেওয়ার আশা রাখছি। নিশ্চয়ই একসময় সুযোগ হবে।’
২০১৩ সালে প্রথম বাংলাদেশে এসে সুবিধা করতে পারেননি জামাল। ব্রাদার্স ইউনিয়নের মাঠে ট্রায়াল দিতে এসে হাঁপিয়ে উঠেন। তবে পরের বছরই ঢাকায় এসে সাফল্যের সঙ্গে টিকে যান। এরপর নিয়মিতভাবে লাল সবুজ দলে খেলে যাচ্ছেন। কয়েক বছর আগে পেয়েছেন অধিনায়কত্ব।
দেশের ক্লাব ছাড়াও ভারতের কলকাতা মোহামেডান ও বর্তমানে আর্জেন্টিনার ক্লাবে খেলছেন। তবে বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় এখন মাঠের চেয়ে অন্তর্জালে সক্রিয় একটু বেশি। হয়তো বয়সের কারণে আগের মতো ৯০ মিনিট এক তাললয়ে খেলতে পারছেন কমই। তারপরও মাঠ ও মাঠের বাইরে বড় তারকা জামালই!









