১৯৯০ সালে ইউরোপের ডেনমার্ক ও সুইডেনে বয়সভিত্তিক প্রতিযোগিতা ডানা-গোথিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ডানা-গোথিয়া কাপের কোচ মনসুর আহমেদ আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে সাবেক এই ডিফেন্ডারের বয়স হয়েছিল ৭৭ বছর।
মনসুর আহমেদ ৭০ ও ৮০ দশকে ঘরোয়া ফুটবলে আবাহনী ও ওয়ান্ডারার্সের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন। খেলোয়াড়ী জীবন শেষে বেছে নেন কোচিং। বিকেএসপির শুরুর দিককার কোচ হয়ে কাজও করছেন।
সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু প্রয়াত মনসুর সম্পর্কে বলেছেন, ‘সে বিকেএসপির প্রথম দিককার ফুটবল কোচ। অনেক ফুটবলার তার মাধ্যমে তৈরি হয়েছে। বিকেএসপির কোচ থাকা অবস্থায় জাতীয় দলেও কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন। সোনালী অতীত ক্লাবের নির্বাহী সদস্য ছিলেন। মানুষ হিসেবেও বেশ আন্তরিক ছিলেন তিনি। বয়সে আমার চেয়ে বড় হলেও একই সময়ে খেলেছি আমরা।’
বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন এখন জাতীয় দলের সহকারী কোচ। এছাড়া ডানা গোথিয়া কাপে বিজয়ী দলের অন্যতম সদস্য। মনসুর আহমেদের প্রয়াণে ব্যথিত মামুন, ‘আমিসহ বিকেএসপির আরও অনেকের বড় ফুটবলার হওয়ার স্বপ্নের বীজ স্যারের হাতেই বোনা। তিনি আমাদের সাক্ষাৎ গুরু ছিলেন। ফুটবলের মৌলিক কলা-কৌশল তার কাছ থেকেই শেখা।’








