সাফ অনূ্র্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযানে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রথমার্ধেই দাপট দেখিয়েছে তারা। নেপালকে চেপে ধরে বিরতির আগেই দুই গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক দল।
শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধেই বাংলাদেশ অন্তত ৫টি গোলের দেখা পেতো পারতো। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। তবে জাল কাঁপাতে পেরেছে মাত্র দু’বার।
ম্যাচ ঘড়ির ৫ মিনিটে স্বপ্না রানীর সেট পিস থেকে উড়ে আসা বল গোলকিপারের হাতে লেগে ফেরে। ফিরতি বলে মুন্নি আক্তারের শট সাইড পোস্টে লাগলে হতাশ হতে হয় তাদের।
১১ মিনিটে ভালো সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে। পূজা দাসের শট অল্পের জন্য চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ৯ মিনিট পর বক্সের বাইরে থেকে পূজার আরও একটি বাঁ পায়ের জোরালো শট ঘেঁষে যায় ক্রস বার দিয়ে।
এর বেশ কয়েক মিনিট পর সাগরিকার পাসে বক্সের ভেতরে আবারও ক্রসবারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন পূজা।
৩৯ মিনিটে অবশেষে বাংলাদেশ গোলের দেখা পায়। নেপালের গোলকিপার ঠিকমতো গোলকিক নিতে পারেননি, বক্সের অনেক বাইরে থেকে সরাসরি বল পেয়ে বাংলাদেশের একজনের হেড পাস পান সাগরিকা। ডিফেন্ডারদের ছিটকে দিয়ে সাগরিকা পায়ের টোকায় জালে জড়াতে ভুল করেননি।
তিন মিনিট পর স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ হয়েছে। ইতি খাতুনের ক্রস মুনকি আক্তার বক্সের একটু ভেতরে পেয়ে গোলকিপারের ওপর দিয়ে দারুণভাবে নিশানাভেদ করেছেন।
যোগ করা সময়ে গোল পেতে পারতো বাংলাদেশ। সাগরিকাকে ফেলে দিয়েছিলেন এক ডিফেন্ডার। দুর্ভাগ্য পেনাল্টি থেকে অধিনায়ক আফঈদা খন্দকারের শট পোস্টে লেগে ফিরে আসলে তৃতীয় গোল পাওয়া হয়নি স্বাগতিকদের।









