সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও শিরোপার দাবিদার শক্তিশালী ভারত। দুই দলই প্রথম ম্যাচে জয় পেয়েছে। আগামীকাল রবিবার রাউন্ড রবিন লিগ পর্বে দুই সমশক্তির দল মুখোমুখি হচ্ছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টার ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার ইঙ্গিত মিলছে।
প্রথম ম্যাচ বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে স্বাগতিকদের কোচ সাইফুল বারী টিটু বলেছেন, 'প্রথম ম্যাচে আমাদের সবকিছু প্রত্যাশা অনুযায়ী হয়নি, আরও আধিপত্য করা দরকার ছিল।'
এরপরই ভারতের ফিনিশিং নিয়ে কথা বললেন সাবেক এই মিডফিল্ডার, 'ভারতের শক্তিশালী আক্রমণভাগ নিয়ে কাজ করতে হচ্ছে। ওদের ফিনিশিং ভালো। ওদের নাম্বার ৭ (পুজা) এবং ১১ (নেহা), শুনেছি দুইটা উইঙ্গার বেশ ভালো। নাম্বার ১০ (নিতু লিন্ড) ভালো। কাজ করতে হচ্ছে আমাদের। আমরা ভালো ফল করার জন্য মাঠে নামবো।'
ভারত কোচ শুক্লাও সমীহ করছেন বাংলাদেশকে, 'বাংলাদেশ ভালো দল। ওরাও নিশ্চয়ই আমাদের এই ম্যাচ দেখেছে। ওরা ওদের মতো তৈরি করবে, আমরা নিজেদেরকে আমাদের মতো তৈরি করবো। আমার মনে হয় না আজকের ম্যাচের গোল ওদের কাছে গুরুত্বপূর্ণ হবে। তবে এই জয় শুধু বাংলাদেশ ম্যাচই নয়, নেপাল ম্যাচেও আমাদের উজ্জীবিত করবে। আমার তিনটি ম্যাচই জিততে চাই। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। এই তিন ম্যাচ জিতলে কী হবে জানি না, তবে সবগুলো ম্যাচই জিততে চাই। এখানে এসেছি জেতার জন্য। আমাদের লক্ষ্য জয়ের।'









