ভারতের নারী ফুটবলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সানজিদা আক্তার ও সাবিনা খাতুন। যদিও ভিন্ন দলে! ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজ মুখোমুখিও হয়েছিলেন তারা। সানজিদা ইস্ট বেঙ্গলের হয়ে প্রথম গোল করার স্বাদ পেলেও জিতেছে সাবিনার দল কিকস্টার্ট। লড়াইয়ে সাবিনার কিকস্টার্ট ৩-১ গোলে সানজিদার ইস্ট বেঙ্গলকে হারিয়েছে।
কলকাতায় খেলতে এসে ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়েছে সাবিনারা। কর্নার থেকে অরুণা হেড করে লিড এনে দেন। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিকস্টার্ট।
২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ দেয় ইস্ট বেঙ্গল। ৪৭ মিনিটে ইস্ট বেঙ্গলের প্রথম নারী বিদেশি খেলোয়াড় সানজিদা আক্তার প্রায় ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। গোলকিপার জায়গায় দাঁড়িয়ে লাফিয়েও বল স্পর্শ করতে পারেননি।
সানজিদার গোলের পর ধারাভাষ্যকাররা বেশ প্রশংসা করেছেন। ৮ মিনিট পর আরেকটি গোল করে ইস্ট বেঙ্গলকে ম্যাচ থেকে আবার ছিটকে দেয় কিকস্টার্ট। সাবিনা অবশ্য পুরোটা সময় খেলেননি। বদলি হয়ে মাত্র চার মিনিট মাঠে ছিলেন। গোল না পেলেও ম্যাচে তার বেশ কয়েকটি মুভ ছিল দেখার মতো।
সাবিনার দল কিকস্টার্ট আট ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সানজিদার দল ইস্ট বেঙ্গল মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে একধাপ ওপরে।









