২১ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে জিতে চমক দেখালো ফুলহ্যাম। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারালো তারা।
২০০৩ সালের পর প্রথম ও ১৯৬৩ সালের পর দ্বিতীয়বার ম্যানইউর মাঠে অবিস্মরণীয় জয় পেলো পশ্চিম লন্ডনের ক্লাব।
এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলের দেখা পায়নি কোনও দল। ক্যালভিন বাসি কর্নার থেকে বল পেয়ে হেড করেন গোলমুখে। সতীর্থের পায়ে লেগে বল ফিরে এলে আর ভুল করেননি, জাল কাঁপান।
ম্যানইউ ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে হ্যারি ম্যাগুইরে সমতা ফেরান। বক্সের বাঁ প্রান্ত থেকে ব্রুনো ফের্নান্দেসের শক্তিশালী শট গোলকিপার ফিরিয়ে দিলে গোলমুখের কাছ থেকে লক্ষ্যভেদ করেন ইংলিশ ডিফেন্ডার।
পয়েন্ট হারানোর আশঙ্কায় থাকা ম্যানইউ ভাগাভাগি করার সম্ভাবনা জাগায়। কিন্তু যোগ করা সময়ের সপ্তম মিনিটে অ্যালেক্স আইওবি গোল করে ম্যানইউকে হতাশায় ভাসান।
ছয় লিগ ম্যাচে প্রথম হারে ম্যানইউ ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে আট পয়েন্ট পেছনে তারা। আর ফুলহ্যাম ৩২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে।








