হৃদরোগজনিত কারণে মাত্র ৩৩ বছর বয়সে ফুটবল থেকে অবসর নেন সার্জিও আগুয়েরো। ২০২১ সালের ডিসেম্বরে আর্জেন্টাইন ফরোয়ার্ড বুট তুলে রাখলেও নতুন করে গুঞ্জন উঠেছে, আবারও ফুটবলে ফিরছেন তিনি।
গণমাধ্যমের রিপোর্ট, জাতীয় দলের সাবেক সতীর্থ কার্লোস তেভেজের অধীনে ইন্ডেপেন্ডিয়েন্টে অনুশীলন করবেন আগুয়েরো। এই ক্লাবেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। গুঞ্জনের ডালপালা বেশিদূর মেলতে দেননি তিনি, ‘এটা একেবারেই মিথ্যা। আমি ইন্ডেপেন্ডিয়েন্টের সঙ্গে অনুশীলন করতে যাচ্ছি না।’
এখন শারীরিক সুস্থতাকে প্রাধান্য দিচ্ছেন ম্যানসিটির সর্বকালের শীর্ষ গোলদাতা, ‘মাঝেমধ্যে কিছু উড়ো খবর আসে। আমি জোর গলায় বলছি, কার্ডিওলজিস্ট বলেছেন, আমি ভালো আছি। এটাই গুরুত্বপূর্ণ যে আমার শরীর ভালো আছে। কিন্তু প্রথম বিভাগীয় পর্যায়ে ট্রেনিংয়ে ফিরতে হলে আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করাতে হবে।’
সম্প্রতি ভিডিও লাইভ স্ট্রিমিং সার্ভিস টুইচে আগুয়েরোকে বলতে শোনা যায়, ‘ইন্ডেপেন্ডিয়েন্টে কোচ কার্লোস তেভেজ আমাকে ডাকলে আমার কার্ডিওলজিস্টের সঙ্গে শলাপরামর্শ করবো।’
তেভেজও সাড়া দেন। আগুয়েরোকে বুকে টেনে নেবেন বলে তিনি জানান, ‘কুনকে কে না পেতে চাইবে? প্রথমে সতীর্থ হিসেবে, এখন কোচ হিসেবে। সেটা যদি ১০ কিংবা ১৫ মিনিটের জন্য হয়, তবুও।’









