মৌসুম শেষেই কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে চলে যাচ্ছেন। যার প্রভাবটা এরই মধ্যে পড়তে শুরু করেছে। মোনাকোর সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যাচে প্রথমার্ধের পর মাঠ ছেড়ে যান তিনি। টানা দ্বিতীয় ম্যাচে এমনটা হওয়ায় সেটি আলোচনারও জন্ম দিয়েছে। তবে কোচ লুইস এনরিকে জানিয়েছেন, বদলি করে এমবাপ্পেকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তটা ছিল তার একান্ত নিজের!
গত সপ্তাহে রেনের বিপক্ষেও এমবাপ্পেকে ৬৫ মিনিটে তুলে নেওয়া হয়েছিল। শুক্রবারও এমনটা হলে প্রশ্নের জবাবে এনরিকে জানান, এমবাপ্পে যেহেতু চলে যাবে, দলটাকে তাকে ছাড়াই চলতে জানতে হবে, ‘আমি ফুটবলে অনেক দিন ধরে আছি। আর এই ধরনের ক্লাবে সব বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো খুবই শিগগির আমাদের এমবাপ্পেকে ছাড়াই খেলতে হবে। এই অবস্থায় দলের জন্য সেরা যে বিকল্প সেটা বেছে নেওয়ার চেষ্টা করছি।’
এরই মধ্যে এমবাপ্পে ক্লাব ছেড়ে যাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। এখন রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তিনি আলোচনাও চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় এমবাপ্পেকে ছাড়াই খেলার অভ্যাস গড়তে চাচ্ছেন এনরিকে, ‘হয়তো আমি কখনও সঠিক, আবার কখনও ভুল হতে পারি। কিন্তু আমাদের বিষয়টাতে অভ্যস্ত হতে হবে। তবে দলের জন্য সেরাটাই বের করতে হবে আমাকে। আমি কোনও বিতর্ক তৈরি করতে চাই না। এটা আমার সিদ্ধান্ত।’









