‘বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক স্মরণীয় হয়ে আছে’

তানজীম আহমেদ
০৯ মার্চ ২০২৪, ২১:২৯আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২১:২৯

হাভিয়ের কাবরেরা কী ভেবেছিলেন, কাঠমান্ডুতে গিয়ে বড় লজ্জা পেতে হবে! এক অঞ্জন বিস্তাই সর্বনাশ ডেকে আনেন। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ৩টি গোলই করেছিলেন ফরোয়ার্ড অঞ্জন। সেই ২৫ বছর বয়সী ফুটবলার এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসছেন। ফর্টিস এফসির হয়ে লিগের দ্বিতীয় পর্ব থেকে দেখা যাবে তাকে। 

ঢাকায় আসার আগে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে কাঠমান্ডুতে যোগাযোগ করা হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের কথা মনে করিয়ে দিতেই অঞ্জন যেন স্মৃতির ভেলায় নতুন করে হারিয়ে গেলেন, উচ্ছ্বসিত হলেন। সেই ম্যাচটি যে তার জীবনে এখনও অন্যতম স্মরণীয়, তা বলতে ভুল করেননি।

নেপালের কাছে বাংলাদেশ ৩৮ বছর পর তিন গোল হজম করার লজ্জা পেয়েছিল। তবে অঞ্জন কিন্তু সেদিন নিজের পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যকে পাশে পেয়েছিলেন, সেটাও বললেন, ‘আসলে সেদিন আমার ভাগ্য পাশে ছিল। ভালো খেলার পাশাপাশি গোল পেয়েছি। ৩৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলাম। এটা আমার ফুটবল ক্যারিয়ারে বড় ঘটনা। ম্যাচের আগে চিন্তায় ছিল না এমনটা হতে পারে। জানি যে, খেলাতে মনোযোগ দিলে অনেক কিছুই হবে। এর জন্য সতীর্থসহ সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি।’

অঞ্জন মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক একবারই হয়েছে। আর সামনের দিকে হওয়া কঠিন। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে সমীহ ঝরলো তার কণ্ঠ থেকে, ‘হ্যাটট্রিক বারবার করা কঠিন। সবসময় ভাগ্য পাশে থাকবে না। এছাড়া বাংলাদেশ বর্তমানে ভালো ফুটবল খেলছে। বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ বাছাইয়ে তাদের পারফরম্যান্স আগের চেয়ে ভালো হয়েছে। তাই কবে আবার তাদের বিপক্ষে ম্যাচ হবে বলা কঠিন। তখন হ্যাটট্রিক কেন, জয়টাও হয়তো সহজে পাওয়া হবে না।’

এই দেশের ফুটবলারদের সঙ্গে অঞ্জনের নিবিড় যোগাযোগ রয়েছে। বাংলাদেশের ফুটবলে খেলোয়াড়দের অনেকেই যে কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন, তা তার ভালোই জানা। এছাড়া অন্য দলেও পারিশ্রমিক কম নয়। তাই অঞ্জন এখানে এসে নিজেকে মেলে ধরতে চাইছেন, ‘বাংলাদেশের ফুটবলে পারিশ্রমিক ভালো, তা আমরা জানি। এখানে সাদ উদ্দিন, আনিসুর রহমান জিকো ও তপু বর্মণসহ অন্যদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। আসলে আমি যদি এখানে এসে ক্লাবের হয়ে নিজের পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে মনে করবো সফল। তখন হয়তো সবার দৃষ্টি আমার দিকে থাকতে পারে। তাই নিজেকে মেলে ধরাটা বড় চ্যালেঞ্জ অমার কাছে।’

নেপালের হয়ে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন অঞ্জন। এর আগে নেপাল ছাড়াও ভারতের আই লিগে খেলেছেন। ঢাকায় অবশ্য তার নতুন আসা হচ্ছে না। বঙ্গবন্ধু গোল্ডকাপে ও এসএ গেমস ফুটবলে নেপালের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।

তবে এবার ঢাকায় আসাটা পুরোপুরি ভিন্ন। ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণ করতে হবে। অঞ্জন এর জন্য প্রস্তুতও। ২১ ও ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে বাহরাইনের বিপক্ষে খেলে ঢাকায় আসবেন। অঞ্জন বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের লিগে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়, তা আমার জানা আছে। স্থানীয়দের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও ভালো। এখানে খেলাটা সহজ হবে না। সবকিছু জেনে বুঝেই আমি আসছি। আমি আমার নিজের খেলাটা খেলতে চাই, যেন আমার দলের উন্নতি হয়। তাহলেই সব লক্ষ্য পূরণ হবে। লিগ শেষে ইতিবাচক আবহ রেখে দেশে ফেরা যাবে।’

অঞ্জনের আগে মোহামেডান স্পোর্টিংয়ে গণেশ থাপা ও হড়ি খরকা খেলে গেছেন। এছাড়া নেপালের অন্য ফুটবলার যেমন উপেন্দ্র মান সিংহ, কৃষ্ণ থাপা, রাজু সাক্য ও বালগোপাল মহারাজনরা অন্য ক্লাবে খেলেছেন। বালগোপাল তো পরে কোচ হয়েও এসেছিলেন ব্রাদার্স ইউনিয়নে। তবে এবার বড় বিরতি দিয়ে নেপালের ফুটবলার খেলতে আসছেন।

তাই অঞ্জন চাইছেন স্মরণীয় হয়ে থাকতে, ‘বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিজের খেলাটা খেলতে চাই। দৃষ্টিটা মাঠেই থাকবে। যেন আমার ক্লাব উপকৃত হয়। এছাড়া সবাই যেন আমার খেলা মনেও রাখে সেদিকেও দৃষ্টি থাকবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে