সৌদি আরবে বৃহস্পতিবার মধ্য রাতে সুদানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা ভালো হলো না বাংলাদেশের। তায়েফ সিটিতে আফ্রিকার দেশটির কাছে ৩-০ গোলে হেরেছে তারা। এর আগে প্রথম ম্যাচটি গোলশূন্য ছিল।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সুদান প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর নেমে আরও দুই গোল করে বাংলাদেশ দলকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এই ম্যাচেও কোচ হাভিয়ের কাবরেরা দলের সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন।
ফিফা র্যাঙ্কিংয়ে ৫৬ ধাপ এগিয়ে থাকা সুদানের বিপক্ষে হারের পর দলের একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সুদান ভালো দল। তাদের বিপক্ষে জেতা কঠিন। আমাদের সবাইকে কোচ ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন। আমরা সাধ্যমতো খেলার চেষ্টা করেছি।’
এর আগে সুদানের বিপক্ষে অবশ্য লড়াকু ফুটবল খেলার ইঙ্গিত দিয়েছিলেন কাবরেরা, ‘এরই মধ্যে আমরা দশ দিন প্রস্তুতি নিয়েছি। যে ধারণা ও কৌশল নিয়ে কাজ শুরু করেছিলাম, সেটা চালিয়ে যাচ্ছি। আগেও বলেছি, প্রথম প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স আমার কাছে ছিল ইতিবাচক। আমাদের লক্ষ্য এভাবেই এগিয়ে যাওয়া এবং সুদানের মতো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা। রিকভারি… আজ (কাল) আমরা অনুশীলনে ফিরেছি, সেট পিস নিয়ে কাজ করেছি, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগের দিন হিসেবে আজ আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।'









