প্রিমিয়ার লিগ টেবিলে আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে উঠে গেলো লিভারপুল। রবিবার ক্র্যাভেন কটেজে ফুলহ্যামকে ৩-১ গোলে হারিয়ে তারা পেছনে ফেললো ম্যানচেস্টার সিটিকে।
৩৩ ম্যাচে সমান ৭৪ পয়েন্ট আর্সেনাল ও লিভারপুলের। লিগে পাঁচ ম্যাচ হাতে রেখে গোল ব্যবধানে এগিয়ে আছে গানাররা। এক ম্যাচ কম খেলে সিটিজেনরা ৭৩ পয়েন্ট নিয়ে তিনে।
প্রায় দেড় মাস পর প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়ে আলেক্সান্ডার আর্নল্ড চোখ ধাঁধানো ফ্রি কিক থেকে ৩২তম মিনিটে গোলমুখ খোলেন। স্বাগতিক কিপার বার্নড লেনো তার শট থামানোর সুযোগই পাননি।
বিরতির আগে সাইড ফুটের শটে লিভারপুল কিপারকে পরাস্ত করে সমতা ফেরান টিমোথি কাস্টাগনে।
৫৩তম মিনিটে রায়ান গ্রাভেনবার্খের বাঁকানো শটের গোলে এগিয়ে যায় লিভারপুল। এটি তার প্রথম লিগ গোল। ডিওগো জোতার ৭২তম মিনিটের গোল লিভারপুলের জয় নিশ্চিত করে।








