সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৪, ১৬:৫৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৬:৫৫

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচের পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার সমালোচনা করেছিলেন কাজী সালাউদ্দিন। এরপর ছুটি কাটাতে স্প্যানিশ কোচ ফিরে যান নিজ দেশে। ছুটি শেষে ঢাকায় ফিরে আজ সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে বলেছেন, বাফুফে সভাপতির সমালোচনাকে ‘স্বাভাবিক’ দৃষ্টিতে দেখছেন তিনি।

তাপপ্রবাহের মধ্যে বাফুফে ভবনের লনে সাংবাদিকদের সামনে দাঁড়ান কাবরেরা। ভীষণ গরমে নাকাল তিনিও, ‘বাংলাদেশে আসার পর এত গরম পাইনি। আমার মনে হয় যতদিন এদেশে আছি, এবারই সবচেয়ে বেশি গরম দেখছি। খুবই কঠিন অবস্থা। এমন গরমে আগে কখনো থাকিনি।’

এমন গরমে কাবরেরাকে বিভিন্ন ভেন্যুতে গিয়ে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ দেখতে হচ্ছে। এছাড়া ক্লাবেও যাচ্ছেন। জুনেই বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ দুটি ম্যাচে খেলবে বাংলাদেশ। ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় আর ১১ জুন লেবাননের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহায় হবে ম্যাচ।

কাবরেরাকে নিয়ে বাফুফে সভাপতি সমালোচনা করেন সর্বশেষ দুটি ম্যাচের পর। যেখানে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে প্রথম ম্যাচটিতে ৫–০ গোলে ও ঢাকায় দারুণ লড়েও শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছে। এ দুটি ম্যাচের পর কাজী সালাহউদ্দিন কিংস অ্যারেনায় বলেছিলেন, কাবরেরার কৌশলে খুশি নন তিনি।  কাবরেরার চাকরি নিয়েও প্রশ্ন তুলেছেন।

আজ বাফুফে ভবনে সেসব নিয়েই কথা বলেছেন কোচ। পুরো বিষয়টিকে দেখছেন স্বাভাবিকভাবেই, ‘তিনি বাফুফের সভাপতি। তিনি সমালোচনা করার অধিকার রাখেন। আমাদের মধ্যে এর পরেও কথা হয়েছে। আমরা আলোচনা করেছি দল নিয়ে, আমি তার সমালোচনা নিয়ে ভাবছি না। এর ইতিবাচক দিকটিই দেখছি। আমরা অবশ্যই ভুল থেকে শিখবো।’

জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির আগে বেশিদিন অনুশীলনের সুযোগ পাবে না জামালরা। কারণ প্রিমিয়ার লিগ। সেটি শেষই হবে ২৯ মে। কাবরেরা তাই বলেছেন, ‘এবার আমাদের অনুশীলন ক্যাম্প হবে সংক্ষিপ্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ৪ থেকে ৫টি অনুশীলন সেশন করবো আমরা। ক্যাম্প হবে সাধারণ, যেমনটা হয় আরকি। তবে বিশেষ কিছু করার সুযোগ নেই। ২৯ মে লিগ শেষ হওয়ার পর বিশ্রাম নিয়ে খেলোয়াড়েরা ১ জুন রিপোর্ট করবে, ২ জুন থেকে ক্যাম্প শুরু করে দিতে চাচ্ছি। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা খেলেই আমরা কাতারে যাবো। সেখানে কয়েকটি ট্রেনিং সেশন হবে। সময়ের অভাবে এ দুটি ম্যাচের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কিংবা কোনও ধরনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই।’

অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে নতুনদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে কাবরেরা বলেছেন, ‘নতুন মুখ দেখা যেতেই পারে। প্রিমিয়ার লিগে আরও ৫টি করে ম্যাচ আছে সব দলের। দেখা যাক নতুনেরা বিশেষ কোনও পারফরম্যান্স করে কিনা। আমার দলে সৌদি আরবের ক্যাম্পে কয়েকজন নতুন প্রতিভাবান খেলোয়াড় ছিল। আমি তাদেরও দেখবো। সামনে লিগের ম্যাচ আছে, ফেডারেশন কাপ আছে। দেখা যাক বিশেষ কোনও পারফরম্যান্স মেলে কিনা।’

মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে কাবরেরার মূল্যায়ন, ‘আমরা প্রথম ম্যাচে (কুয়েতের ম্যাচটিতে) আগ্রাসী ফুটবল খেলা শুরু করেছিলাম। খুব দ্রুতই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। বেশি আক্রমণাত্মক হওয়ার কারণেই ভুল করেছি। ফিলিস্তিন অনেক ভালো দল, শক্তিশালী দল। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, শেষ মুহূর্তের গোলে হেরেছি। আমার দৃষ্টিতে দল হারলেও উন্নতি করছে, আমি ইতিবাচক।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
এবারও মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ ট্রফি জিতবে: বাংলাদেশ কোচ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
সর্বশেষ খবর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু