আর্জেন্টিনার তৃতীয় বিভাগের সোল দা মায়ো থেকে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে নাম লেখান জামাল ভূঁইয়া। তবে প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে আকাশী-নীল জার্সি পরে তেমন খেলার সুযোগ পাচ্ছেন না। বেশিরভাগ সময় বেঞ্চে কাটছে। এনিয়ে ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের আফসোস কম নয়।
অনেক আশা নিয়ে ঢাকায় খেলতে এসেছেন জামাল। সোল দা মায়োতে কিছু দিন খেলে পারিশ্রমিক পাননি। দিন দুয়েক আগে জামালকে প্রায় দুই কোটি টাকা ক্লাবকে দিতে বলেছে ফিফা। তাই জামালের কাছে যেমন এটা খুশির খবর, তেমনই আবাহনীর হয়ে বেঞ্চে সময় কাটানোটা কষ্টের।
শুরুর দিকে একটি ম্যাচে জামাল একাদশে ছিলেন। এরপর দুটি ম্যাচে কিছু সময়ের জন্য নেমেছিলেন। তবে এ নিয়ে জামাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কেন একাদশে নিয়মিত খেলতে পারছি না, বুঝতে পারছি না। আমি তো খেলার জন্য শতভাগ ফিট। প্রতিটি ম্যাচেই আশা করে থাকি মাঠে নামতে পারবো, খেলবো। কিন্তু সেই সুযোগ তো হচ্ছে না।’
কেন হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে জামাল বলেছেন, ‘আমি জানি না কেন আমি খেলতে পারছি না। নিয়মিত অনুশীলন করছি। সবকিছুই নিয়ম মেনে করছি। কিন্তু খেলতে সেভাবে পারছি কোথায়! এ বিষয়ে কোচই ভালো বলতে পারবে।’
তবে আবাহনীর আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি কোনও কথা বলতে চাননি। দলের ম্যানেজার কাজী নজরুল ইসলাম ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আমার মনে হয় কোচের পরিকল্পনাতে জামাল থাকছে না। কোচ যেভাবে ফর্মেশন কিংবা ট্যাকটিস সাজিয়ে দলকে খেলাচ্ছেন তাতে করে জামাল থাকছে না।’
জামালের জায়গায় তরুণ মিডিফিল্ডার পাপন সিংহ খেলছেন। তবে জামাল এখনও আশা ছাড়েননি, ‘এখনও লিগের কয়েকটি ম্যাচ বাকি আছে। আছে ফেডারেশন কাপের খেলাও। আশা করছি সামনের দিকে হয়তো খেলতে পারবো।’









