প্রিমিয়ার ফুটবল লিগে আজ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ট্রফি তুলে দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। কিংস অ্যারেনাতে পুরস্কার বিতরণী শেষে ফুটবলকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বলে অভিহিত করেছেন এই সংগঠক।
প্রিমিয়ার ফুটবল লিগের ট্রফি দেওয়ার দিনে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন পাপন। কিংসের ফুটবলারদের হাতে ট্রফি তুলে দিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ফুটবল এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। এনিয়ে আমার কোনও সন্দেহ নেই। কিছু বিষয়ে ঘাটতির কারণে এখন আগের মতো অবস্থানে নেই ফুটবল। এই খেলার উন্নয়নে মূল কাজটা ফেডারেশনকেই করতে হবে।’
পাপন মন্ত্রী হওয়ার পর ফেডারেশনগুলোর সঙ্গে বসেছেন। প্রায় ৪০টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর তার অনুধাবন, ‘কিছু ফেডারেশনের মানসিকতার পরিবর্তন দরকার। অনেক ফেডারেশন বাৎসরিক বাজেট বলতে পারে না। টুর্নামেন্ট খেলার আগে মন্ত্রণালয়ে টাকা চেয়ে চিঠি দেয়।'
সামনে নতুন বছরের জাতীয় বাজেট রয়েছে। ক্রিকেট ছাড়া দেশের অন্য সকল খেলায় রয়েছে আর্থিক সমস্যা। নতুন মন্ত্রীর দিকে তাই তাকিয়ে অনেক ফেডারেশন। এই প্রসঙ্গে পাপন বলেছে, ‘আমরা ফেডারেশনের সঙ্গে বসেছি। তাদের চাহিদা জেনেছি। কতটুকু পাওয়া উচিত এবং আমাদের সামর্থ্য আছে কিনা, এটা বিবেচনা করে সহায়তা করা হবে। যারা আমাদের নির্দেশনা পূরণ করবে, তারা সাহায্য পাবে। যারা করবে না, তারা পাবেও না।’
পাপন আজই প্রথম কিংস অ্যারেনায় এসেছেন। ভেন্যু সম্পর্কে তার বক্তব্য, ‘মাঠ তো খুবই সুন্দর। স্টেডিয়াম পুরোটা দেখা হয়নি। নিশ্চয়ই বেশ মানসম্মত হবে বলেই মনে করছি।’
ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ২০২১ সালের জুলাই থেকে চলছে সংস্কার। তাই ফুটবল প্রধান ভেন্যু থেকে বিচ্ছিন্ন প্রায় তিন বছর। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে মন্ত্রী বলেন, ‘এনএসসির সঙ্গে কিছু দিন আগেও বসেছি। ডেডলাইনের মধ্যে কাজ শেষ হবে। ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও আমার ধারণা অক্টোবরের মধ্যে শেষ হবে৷’









