চাইনিজ তাইপের বিপক্ষে নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুনকে ছাড়াই খেলছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর একাদশ থেকে বাদ পড়েছেন এই স্ট্রাইকার। সেই ২০১০ সাল থেকে খেলছেন টানা জাতীয় দলে। সেই সাবিনা এর আগে কখনও চোটের কারণে দল কিংবা একাদশ থেকেও বাদ পড়েননি। তাকে ছাড়াই ফিফা প্রীতি ম্যাচে তাইপের বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে।
সোমবার কিংস অ্যারেনাতে বাংলাদেশ আগের ম্যাচের চেয়ে ইতিবাচক ফুটবল খেলছে। প্রথম ম্যাচে বিরতির আগে তিন গোল হজম করতে হয়েছিল, আজ মাত্র একটি। শুধু তাই নয়, এক গোলের বিপরীতে স্বাগতিকরা কয়েকবার আক্রমণ করে প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দিয়েছিল। তবে দুর্ভাগ্য সমতাসূচক গোল আসেনি।
ম্যাচের ১১ মিনিটে তাইপের লিন হুই বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে যায়।
১৭ মিনিটে তাইপে এগিয়ে যায়। বক্সের ভেতরে লিনের কাটব্যাক থেকে সু ইউ হুসুয়ান ৬ গজের কোনা থেকে গোলকিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে।
গোল খেয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মাঝেমধ্যে মনিকা-মুনকিরা বল নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে। ১৯ মিনিটে মনিকা চাকমা দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা গোলকিপারের তালুতে জমা পড়ে।
২৬ মিনিটে স্বপ্না রানীর বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়। তিন মিনিট পর মুনকি বক্সের ভেতরে থেকে আক্তারের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি।
বিরতির পর কী হয়, সেটাই এখন দেখার।









