দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ দলের একাদশ থেকে বাদ পড়েছেন সাবিনা খাতুন। চাইনিজ তাইপের বিপক্ষে অবশ্য ৭৮ মিনিটে মাঠে নামেন সাবিনা। সেটপিস থেকে আতঙ্ক তৈরিও করেছিলেন। কিন্তু গোল করতে পারেননি। বাংলাদেশ ম্যাচটি হেরেছে লড়াই করে।
দলের এমন পারফরম্যান্সে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, 'আজ ১৮ মিনিটে গোল খেয়েছি। কিন্তু এরপর মেয়েরা যেভাবে খেলেছে, যেভাবে পরিকল্পনা মতো খেলে ম্যাচের ধারা বদলে দিয়েছে, সেটা সত্যি অসাধারণ। ওরা আসলে ভয় পায়নি এই ম্যাচে। ওদের পারফরম্যান্সে সত্যি খুশি আমি।'
জাতীয় দলের একাদশ থেকে সাবিনার বাদ পড়ার ব্যাখ্যায় বাটলার জানান, ক্লান্তির কারণে তাকে রাখা হয়নি। কোচ বলেছেন, ‘সাবিনাকে দেখে আমার মনে হয়েছে সে ভীষণ ক্লান্ত। এ জন্য তাকে পুরো ৯০ মিনিট খেলাইনি। সে খুবই ভালো মেয়ে। দেশের হয়ে অনেক অর্জন তার। কিন্তু সত্যিটা হচ্ছে, যাদের ফর্ম আছে আমি তাদেরই বেছে নিয়েছি এই ম্যাচে।'
প্রথম ম্যাচে বাজে হারের পর কোচ এই ম্যাচে কৌশলগত পরিবর্তন আনেন। সেটা কাজেও দিয়েছে। বাটলার বলেছেন, 'আগের ম্যাচ থেকে কিছু পরিবর্তন এনেছি। আজকের ম্যাচের পরিকল্পনা ছিল ১৫ মিনিট ধরে ধরে ব্লক করে যাওয়া। চেয়েছি মেয়েদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করতে। শুরুতে গোল হজম করলেও মেয়েরা যেভাবে খেলা পরিবর্তন করেছে, ভয়ডরহীনভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট।'
এই দলে অনেক প্রতিভা আছে, বিশ্বাস তার, 'বাংলাদেশ যদি মেয়েদের খেলায় উন্নতি করতে চায়, করতে পারে, কারণ অনেক প্রতিভা আছে। শৃঙ্খলাটা ঠিক করতে হবে তাহলে। যেটা নিয়ে আমি এখন কাজ করছি।'








