বরুসিয়া ডর্টমুন্ডের প্রধান কোচ এদিন তেরজিচ চাকরি ছেড়ে দিলেন। বৃহস্পতিবার বুন্দেসলিগা ক্লাব জানায়, জার্মান কোচ অবিলম্বে তার সঙ্গে করা চুক্তি বাতিল করতে বলেছেন।
২০২২ সালে স্থায়ী ভিত্তিতে কোচ হন তেরজিচ। গত মৌসুমে ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও তোলেন, কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছে তাদের।
পঞ্চম স্থানে থেকে বুন্দেসলিগা শেষ করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাও লাভ করেছে ডর্টমুন্ড।
ক্লাবটিতে তেরজিচের সেরা সাফল্য এসেছে ২০২১ সালে। অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার অল্প সময়ের মধ্যে জার্মান কাপ জেতেন তিনি।
ডর্টমুন্ডের সহকারী কোচ ও স্কাউট হিসেবেও কাজ করেছেন তেরজিচ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রিয় বরুসিয়ান, এখন খুব কষ্ট হলেও আমাকে বলতে হচ্ছে আমি আজ ক্লাব ছেড়ে চলে যাচ্ছি। এই সেরা ক্লাবকে ডিএফবি কাপ জেতাতে পারা এবং সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলা ছিল অনেক সম্মানের।’
২০২৩ সালে ডর্টমুন্ডকে বুন্দেসলিগা শিরোপা জেতানোর খুব কাছে ছিলেন তেরজিচ। কিন্তু শেষ দিনের খেলায় মেইঞ্জকে হারাতে না পারায় শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।









