প্রায় এক মাস ধরে বাংলাদেশে বিরাজ করছে সংঘাতময় পরিস্থিতি। কোটা বিরোধী আন্দোলন এখন রক্তক্ষয়ী রূপ নিয়েছে, নিহত হয়েছেন দুই শতাধিক। রবিবার ছাত্রদের অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছে সাধারণ শ্রেণি-পেশার মানুষ। নতুন করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খোঁজ খবর রাখছেন বিদেশিরাও। এমনকি ফুটবল তারকারাও পোস্ট দিয়ে যাচ্ছেন।
শনিবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ বাংলাদেশের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এবার তাতে যোগ দিলেন বার্সেলোনার স্প্যানিশ ফুটবলার পাবলো গাবি।
নিজের ফেসবুক পেজে গাবি তার ছবি দিয়ে পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশে যা ঘটছে আমি সেটা শুনে মর্মাহত। আশা করবো, আপনারা তাড়াতাড়ি এই সমস্যা কাটিয়ে উঠবেন। আপনাদের জন্য সমবেদনা প্রকাশ করছি।’
এর আগে এনজো লিখেছিলেন, ‘আমার সব বাংলাদেশি অনুসারীদের বলছি, আমি আপনাদের শুনতে পাচ্ছি এবং আপানাদের জন্য প্রার্থনা করছি।’









