ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের কোচ লি কার্সলি পদোন্নতি পেলেন। শুক্রবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক ঘোষণায় তাকে সিনিয়র দলের কোচ নিযুক্ত করেছে।
গত মাসে স্পেনের কাছে ইউরো ফাইনালে হারের পর সরে দাঁড়ান আট বছর ইংল্যান্ডের ডাগআউটে থাকা গ্যারেথ সাউথগেট। এবার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তার জায়গায় বসবেন কার্সলি।
৫০ বছর বয়সী কার্সলির প্রথম অ্যাসাইনমেন্ট স্বদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে। নেশনস লিগে ওই ম্যাচের পর ফিনল্যান্ডের বিপক্ষেও ডাগআউটে দেখা যাবে তাকে। আগামী সেপ্টেম্বরে হবে ম্যাচ দুটি। সাউথগেটের উত্তরসূরি হিসেবে এরই মধ্যে স্থায়ীভাবে কাউকে নিয়োগের সিদ্ধান্ত নেবে এফএ।
খেলোয়াড় হিসেবে কার্সলি আয়ারল্যান্ডের জার্সিতে ৪০ ম্যাচ খেলেছেন। এছাড়া ব্ল্যাকবার্ন রোভার্স, কভেন্ট্রি সিটি, এভারটন ও বার্মিংহ্যাম সিটির হয়ে ৩০০ এর বেশি প্রিমিয়ার লিগে খেলেছেন।
২০২৩ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে ১৯৮৪ সালের পর প্রথম ইউরো জয়ে অবদান রাখেন কার্সলি। এফএর ডেভেলপমেন্ট দলগুলোর কোচিংয়ে বিভিন্ন ভূমিকায় থাকায় বর্তমান সিনিয়র স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে জানাশোনা তার।








