৮ কোটি ১৫ লাখ পাউন্ডে ম্যানসিটি স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তি সম্পন্ন করলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাব রেকর্ড দামে তাকে স্পেনের রাজধানীর ক্লাবে পাঠালো প্রিমিয়ার লিগ জায়ান্টরা।
২৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে ক্লাব রেকর্ড দামে বিক্রি করলো ম্যানসিটি। ২০২২ সালে রহিম স্টার্লিংকে ৫ কোটি পাউন্ডে চেলসির কাছে বিক্রির রেকর্ড ভেঙে দিলেন আলভারেজ।
ডিয়েগো সিমিওনের দল মূলত ৬ কোটি ৪৪ লাখ পাউন্ড দেবে সিটিকে, পরে আরও ১ কোটি ৭১ লাখ পাউন্ড দেবে তারা।
ম্যানসিটি ২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ১ কোটি ৪১ লাখ পাউন্ডে তাকে কিনেছিল। সিটিতে পা রাখার পর দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন। দুই মৌসুমে করেছেন ৩৬ গোল। এছাড়া জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন।
স্পেন অধিনায়ক আলভারো মোরাতা এসি মিলানে চলে যাওয়ায় আক্রমণভাগের মূল অস্ত্র হিসেবেই খেলবেন আলভারেজ। এরই মধ্যে স্প্যানিশ ক্লাব ইউরো জয়ী রবিন লে নরম্যান্ড ও নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার সোরলোথকে যুক্ত করেছে।
আলভারেজ বলেন, এই দুই বছর তার হৃদয়ের বিশেষ জায়গায় থাকবে। আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী ফরোয়ার্ড বলেছেন, ‘আজ আমি অনেক আবেগ নিয়ে এই চমৎকার ক্লাবকে বিদায় বলছি। এই দুই বছর আমার জন্য ছিল খুবই বিশেষ। এই সময়ে আমি খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে অনেক কিছু শিখেছি, আরও বিকশিত হয়েছি।’









