পরপারে পাড়ি জমালেন ইংল্যান্ডের সাবেক কোচ সভেন গোরান এরিকসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ইংল্যান্ডের প্রথম নন-ব্রিটিশ কোচ ছিলেন এরিকসন। তার অধীনেই ইংলিশ দলটি তিনবার মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলেছে। তিনি ২০০১-২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
ক্যানসারে আক্রান্ত এরিকসন গত জানুয়ারিতেই জানান, তার হাতে হয়তো এক বছর সময় আছে।
এরিকসনের পরিবার সোমবার জানিয়েছে, ‘সভেন গোরান এরিকসন দীর্ঘ অসুস্থতার পর আজ সকালেই নিজ বাড়িতে পরিবার বেষ্টিত অবস্থায় মারা গেছেন।’
সুইডিশ এই কোচ ১২টি ক্লাবে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে অন্যতম ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি, রোমা ও লাৎজিও। জিতেছেন ১৮টি শিরোপা। এরিকসন কোচিং ক্যারিয়ারে মেক্সিকো, আইভরি কোস্ট ও ফিলিপাইনেরও দায়িত্ব সামলেছেন।
২৭ বছরে খেলোয়াড় হিসেবে অবসরে যাওয়ার পর ১৯৭৭ সালে সুইডিশ ক্লাব ডেগারফর্স এর হয়ে কোচিং ক্যারিয়ার শুরু এরিকসনের। তার পর গোথেনবার্গের হয়ে জিতেছেন সুইডিশ শিরোপা, দুটি সুইডিশ কাপ ও ১৯৮২ সালের উয়েফা কাপ।









