আরেকটু হলেই লা লিগায় নতুন মৌসুমে হারের তিক্ত স্বাদ পেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। সেটি হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি থেকে আসা গোলের কল্যাণে। তাতে লাস পালমাসের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
অ্যালেক্স সুয়ারেজ হ্যান্ড বল করলে সেই সুবাদে পেনাল্টি পায় রিয়াল। ৬৯ মিনিটে স্পট কিকটি গোলে রূপ দিতে ভুল করেননি ভিনি।
অবিশ্বাস্যভাবে মাদ্রিদের অভিজাতরা ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম গোল হজম করে বসে। গোল করেন আলবার্টো মোলেইরো।
এই ড্রয়ে রিয়াল মাদ্রিদের হতাশাজনক পথ চলা অব্যাহত থাকলো! তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় ড্র। তাতে পয়েন্ট টেবিলে চারে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে যারা চার পয়েন্ট পিছিয়ে। আরেক প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে পুরো ৯০ মিনিট খেলে ৯টি শট নিলেও জাল কাঁপাতে পারেননি তিনি। যার মধ্যে লক্ষ্যে ছিল দুটি। তাতে টানা তৃতীয় ম্যাচে গোলহীন থাকলেন ফরাসি তারকা।
ম্যাচের পর শিষ্যদের উদ্দেশ্যে কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমাদের খু্ব দ্রুতই উন্নতির পথ খুঁজতে হবে। আমরা আশাবাদী সেটা হয়তো করতে পারবো।’
ম্যাচ নিয়ে তার মূল্যায়ন, ‘প্রথমার্ধটা ছিল খুবই বাজে। গোল পেতেও আমাদের কষ্ট করতে হয়েছে। সংগ্রাম করতে হয়েছে। দলও ভারসাম্যপূর্ণ ছিল না।’









