সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগ ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে লি কার্সলিকে এনেছিল ইংল্যান্ড। চলতি মৌসুমে তাকে রেখে দেওয়ার পরিকল্পনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)। রিপাবলিক অব আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের ম্যাচে কার্সলির সহকারী হিসেবে থাকা অ্যাশলে কোলকে স্থায়ীভাবে নিযুক্ত করেছে তারা। শনিবার এফএ এক ঘোষণায় এই খবর দিয়েছে।
৪৩ বছর বয়সী কোল খেলোয়াড় হিসেবে তার দেশের হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন। সাবেক এই ইংলিশ লেফট ব্যাক ২০২৩ সালে কার্সলির অনূর্ধ্ব-২১ ইউরো জয়ী ইংল্যান্ড দলের কোচিং টিমেও ছিলেন। পাশাপাশি বার্মিংহ্যাম সিটিতেও দায়িত্ব পালন করছিলেন। এবার পুরোপুরি ইংল্যান্ডের হয়ে কাজ করবেন কোল।
ইংল্যান্ডের জার্সিতে পাঁচটি বড় মাপের টুর্নামেন্টে খেলা কোল ২০১৪ বিশ্বকাপের ঠিক আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন। এই সময়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে একবার করে কোয়ার্টার ফাইনালে খেলেছিল থ্রি লায়নরা। তখন কোচ ছিলেন সোভেন গোরান এরিকসন, গত মাসে যিনি মৃত্যুবরণ করেন এবং পরে গতকাল শুক্রবার তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে।
কোল জাতীয় দল ছাড়ার পাঁচ বছর পর বুটজোড়া চিরতরে তুলে রাখেন। তারপর বার্মিংহ্যামের প্রথম দলের কোচ হিসেবে কাজ করেছেন।
এফএ এক বিবৃতি দিয়েছে, ‘অ্যাশলে কোল পূর্ণকালীন জাতীয় কোচ হিসেবে এফএতে যোগ দিয়েছেন। ইংল্যান্ড লিজেন্ড, যিনি দেশের হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন, থ্রি লায়নদের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বার্মিংহ্যাম সিটিতেও অবদান রাখছিলেন। এবার তিনি শুধু ইংল্যান্ডের সঙ্গে কাজ করবেন। লি কার্সলিকে সহায়তা করে যাবেন ৪৩ বছর বয়সী।’









