চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হার দেখলেও বার্সেলোনা লা লিগায় শতভাগ সাফল্য ধরে রেখেছে। রবিবার ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। রবার্ট লেভানডোভস্কি ও রাফিনিয়া করেছেন জোড়া গোল। ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো কাতালান জায়ান্টরা।
লেভানডোভস্কি ৩৫ মিনিটের মধ্যে দুই গোল করেন। ২০ মিনিটে গোলমুখ খোলা পোলিশ স্ট্রাইকার দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার পেনাল্টি গোলপোস্টে আঘাত করে।
দুই গোলে পিছিয়ে পড়ার তিন মিনিট পর আয়োজে পেরেজের লক্ষ্যভেদী শটে ভিয়ারিয়াল প্রথমার্ধে এক গোল শোধ দিয়েছিল। বিরতির পর ৫৮ মিনিটে স্কোর ৩-১ করেন পাবলো তোরে। দ্বিতীয়ার্ধে দুই গোল করেন রাফিনিয়া। ৭৪ মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। ৯ মিনিট পর লম্বা ক্রসে তাকে দ্বিতীয় গোল বানিয়ে দেন লামিনে ইয়ামাল।
বার্সেলোনা তাদের কিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে হাফটাইমের আগে হারায়। ইনজুরির ব্যথায় কাতরাতে থাকা জার্মান কিপারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো বার্সা। দ্বিতীয় স্থানে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান বাড়ালো তারা।








