শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:২২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৪

খেলার ধারার বিপরীতে দুই গোল খেয়ে শেষ পর্যন্ত লড়াই করে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। ২-২ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচ টাইব্রেকারের গড়ায়, সেখানেও সমানে সমান লড়াই চলতে থাকে। তবে সেমিফাইনালে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায়, ঠিক আগ মুহূর্তে কোচ সাইফুল বারী টিটু গোলকিপার পরিবর্তন করেন। নাহিদুল ইসলামের জায়গায় আলিফ রহমান ইমতিয়াজ তেকাঠির দায়িত্বে। আর কোচের এমন কৌশল বেশ কাজে দিয়েছে। আলিফ পাকিস্তানের আব্দুল ঘানির নেওয়া অষ্টম শট রুখে দিয়ে বাংলাদেশকে ফাইনালে নিতে সহায়তা করেন। আর মিঠু চৌধুরী শেষ শটে জাল কাঁপিয়ে লাল-সবুজ দলে আনন্দের ঢেউ বইয়ে দেন।

বাংলাদেশের হয়ে অন্য গোলগুলো করেছেন মুর্শেদ আলী, জয় আহমেদ, সায়েম অমিত, কামাল মৃধা, মোহাম্মদ মানিক ও আকাশ আহমেদ।

এর আগে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে বাংলাদেশ আধিপত্য দেখায়। তবে ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি। অষ্টম মিনিটে অপুর ক্রসে নাজমুল হুদা মাথা ছোঁয়ালেও বলে চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

২৮ মিনিটে নাজমুলের বাড়ানো দারুণ থ্রু বল পেয়ে যান অপু। অফসাইড ফাঁদ ভেঙে বক্সেও ঢুকে পড়েছিলেন এই ফরোয়ার্ড, কিন্তু পারেননি পাকিস্তানি গোলকিপারকে পরাস্ত করতে। 

৩২ মিনিটে ধারার বিপরীতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কর্নারে উড়ে আসা বলে হেড করে জালে পাঠান শাহাব আহমেদ।

বিরতির পর বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে। ৬০ মিনিটে আব্দুল রেহমানের পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বাংলাদেশ ৭২তম মিনিটে সুযোগ পায়। বদলি ফরোয়ার্ড মোহাম্মদ মানিকের কোনাকুনি শট পাকিস্তানের গোলকিপার ঝাঁপিয়ে আটকান।

এরপরই কর্নার থেকে ম্যাচে ফেরার উপলক্ষ পায় বাংলাদেশ। কর্নারের পর বক্সের ভেতর থেকে সাইড ভলিতে জাল খুঁজে নেন বদলি ফরোয়ার্ড মিঠু চৌধুরী।

শেষ দিকে এসে আক্রমণ ধরে রেখে বাংলাদেশ সমতাসূচক গোলটি পায়। যোগ করা সময়ে রিফাত কাজীর ক্রসে মানিকের নিঁখুত প্লেসিংয়ে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ। স্কোরলাইন ২-২ হলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে শেষ হাসি বাংলাদেশের। এখন ৩০ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে সাইফুল বারী টিটুর দল। আরেক সেমিফাইনালে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের