মেজর লিগ সকারে শুরুতে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে তারা ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল মেসির গোলে। শার্লটের সঙ্গে ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে। তাতে মেজর লিগ সকারে এক মৌসুমে রেকর্ড পয়েন্ট অর্জনের সুযোগটা এখনও হাতছাড়া হতে দেয়নি মায়ামি।
এই ড্রয়ে এমএলস কাপ প্লে-অফের শীর্ষ বাছাই হতে আরও এক ধাপ এগিয়ে গেছে তারা। বুধবার মায়ামি কলম্বাসের মুখোমুখি হবে। জিতলেই ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ বাছাই নিশ্চিত হবে। তাদের আর ৩ ম্যাচ বাকি। সংগ্রহ ৬৫ পয়েন্ট। কলম্বাসের বাকি চার ম্যাচ। তাদের সংগ্রহ ৫৭।
ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে প্রথম গোলটি করেছেন শার্লটের ক্যারল সুইডেরস্কি। দশ মিনিট বাদে অবশ্য এর জবাবটা দেন মেসি। পেনাল্টি বক্সে পাস পেয়েছিলেন। তার পর স্বভাবসুলভ ভঙ্গিমায় ড্রিবলিং করে চার ডিফেন্ডারের মাঝ দিয়ে বাম পায়ের শটে কাঁপান জাল। এটি মেসির ১৬লিগ ম্যাচে ১৫তম গোল। গোড়ালির ইনজুরি থেকে ফিরে আসার পর চার ম্যাচে এটি তৃতীয়। মেসির চেয়ে দুই গোলে এগিয়ে আছেন লুইস সুয়ারেজ।
শেষ মুহূর্তে দুটি সুবর্ণ সুযোগ ছিল ইন্টার মায়ামির। যার একটা তৈরি করেছিলেন মেসি। কিন্তু লাভ হয়নি তাতে। লুইস সুয়ারেজ তো কাছ থেকে গোলের সুযোগ মিস করেছেন। তাতে মায়ামি সর্বশেষ তিনটি ম্যাচে ড্রয়ের বৃত্তেই থাকলো।








