পেশাদার ফুটবল থেকে অবসরের কথা জানিয়েছেন বার্সেলোনা লিজেন্ড আন্দ্রেস ইনিয়েস্তা। গত সপ্তাহে একটা খবরের ইঙ্গিত দিয়েছিলেন। সেখানে লেখা ছিল, ‘শিগগিরই আসছে ৮/১০/২৪’। তার পর তো ওই তারিখে সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন অবসরের খবর। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৮ আর ২৪ নম্বরের জার্সিই পরতেন তিনি। সেই ক্লাবেই তার ঘনিষ্ঠ একজন সতীর্থ ছিলেন লিওনেল মেসি। বন্ধুর অবসর ঘোষণায় আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
৮বারের ব্যালন ডি’অর জয়ী ইনিয়েস্তার অবসর নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে দু’জনের ছবি দিয়ে লিখেছেন, ‘আমার জাদুকরি সতীর্থদের একজন, যার সঙ্গে খেলাটা এক সঙ্গে উপভোগ করেছি। আন্দ্রেস ইনিয়েস্তা, এই বল তোমাকে মিস করবে, মিস করবো আমরাও। আমি তোমার সর্বদা ভালো চাই। তুমি একজন ফেনোমেনন।’
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে ৪০ বছর বয়সে ফুটবল থেকে অবসরের কথা জানান ইনিয়েস্তা। ভিডিওর ক্যাপশনে লেখা ‘দ্য গেম উইল গো অন’, যেখানে আবেগে আপ্লুত ইনিয়েস্তা জানিয়েছেন, তার কাছে ফুটবলের মানে কী। তারপর পেপ গার্দিওলা, লুইস ফন গাল ও লুইস এনরিকের মতো প্রথিতযশা কোচেরা তাকে বিদায় সম্ভাষণ জানান।
ইনিয়েস্তা সবশেষ খেলেছেন আমিরাত প্রো লিগ ক্লাব এমিরেটসে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর সুযোগ থাকলেও খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন তিনি।
ইনিয়েস্তা ১৯৯৬ সালে ১২ বছর বয়সে বার্সার অ্যাকাডেমিতে যোগ দেন। ক্লাবের বি দলের হয়ে ৫৪ ম্যাচ খেলে ২০০২ সালে সিনিয়র দলে জায়গা পান তিনি। ক্লাবের সাফল্যমণ্ডিত অধ্যায়ে কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসির সঙ্গে খেলেছেন। জিতেছেন ৯টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ ৩২টি ট্রফি।
২০১৮ সালে বার্সা ছাড়ার পর জাপানি ক্লাব ভিসেল কোবের হয়ে পাঁচ বছর খেলে ২০২৩ সালে জেতেন জে ওয়ান লিগ। সেখান যোগ দেন এমিরেটসে।
২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে জাল কাঁপানোর মুহূর্ত ইনিয়েস্তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা। নেদারল্যান্ডসের বিপক্ষে তার একমাত্র গোলে প্রথমবার বিশ্বকাপ জেতে স্পেন। তার আগে পরে জাতীয় দলের হয়ে জিতেছেন দুটি ইউরো ট্রফি।








