আসছে ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র কিনেছে। মনোনয়নপত্র কেনার পর বাফুফে সচিবালয় থেকে নির্বাচন বিধিমালা, তফসিল ও ভোটার তালিকা পেয়েছে তারা। সেখানে ২০২০ সালের নির্বাচনি বিধিমালাই রয়েছে। সেই বিধিমালায় স্বাক্ষর রয়েছে সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও ফিফা থেকে নিষিদ্ধ সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের!
ফিফা থেকে নিষিদ্ধ ব্যক্তির স্বাক্ষরিত বিধিমালা চলতি নির্বাচনে প্রদান ও ব্যবহার নিয়ে ফুটবলাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। একজন প্রার্থী তো বলেই বসলেন, ‘ফিফা থেকে সোহাগ নিষিদ্ধ হয়েছে, এক বছরের বেশি হলো। এখনও সোহাগের ছায়া থেকে মুক্ত হতে পারেনি বাফুফে। তা নাহলে নির্বাচন হচ্ছে ২০২৪ সালের জন্য। আর আমরা পেয়েছি ২০২০ সালের বিধি, তাও ওর স্বাক্ষরিত। আগের বিধিটা এবার নতুন করে সাধারণ সম্পাদকের মাধ্যমে স্বাক্ষরিত হলেই তো ভালো হতো।’
এই বিষয়ে বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘২০২৪ সালের নির্বাচনে বিধিমালার কোনও পরিবর্তনই হয়নি। পরিবর্তন প্রয়োজন হয়নি, বিধায় আগের বিধিমালাই ব্যবহার হচ্ছে।’
তবে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন এমন কথা শুনে সরাসরি বলেছেন, ‘ফিফা থেকে নিষিদ্ধ সোহাগের স্বাক্ষরিত বিধিমালা দেওয়া ঠিক হয়নি। এটা ওরা ভুল করেছে। আরও সচেতনতার প্রয়োজন ছিল।’









