বেশ কঠিন সময় যাচ্ছে জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিকের। গতকাল সোমবার জরুরি সভা শেষে কোচ মানিককে শোকজ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর মঙ্গলবার মানিকের সাবেক ক্লাব চট্টগ্রাম আবাহনীও তার বিরুদ্ধে অভিযোগ এনে আবেদন করেছে ফেডারেশনের কাছে।
ফেডারেশনের কাছে উল্লেখিত আবেদন পত্রে চট্টগ্রাম আবাহনী মানিকের ওপর চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন। চুক্তি ভঙ্গ করায় চট্টগ্রাম আবাহনী ক্লাব মানিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি মানিকের কোচিং লাইসেন্স স্থগিত করারও দাবি জানিয়েছে চট্টগ্রাম আবাহনী। চট্টলা ক্লাবের এই দাবিটি অবশ্য একেবারেই অযৌক্তিক। চুক্তিতে কোনও সমস্যা হলেও কোচিং লাইসেন্স স্থগিত করার মতো অপরাধ করেননি দেশের সাবেক তারকা ফুটবলার। চট্টগ্রাম আবাহনীর ফুটবল দলের ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা ফেডারেশনের কাছে সুষ্ঠু বিচারের জন্য আবেদন করেছি। প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে।’
চট্টগ্রাম আবাহনীর বিষয়টি বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি অথবা ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানোর কথা। প্রায় প্রতি মৌসুমে চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের দেনা-পাওনা নিয়ে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে একাধিক ফাইল হয়। এবার অবশ্য হচ্ছে কোচ নিয়ে!
/আরএম/এফআইআর/







