স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর শরীরটা এমনিতে ভালো যাচ্ছিল না। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না। আজ অসুস্থতা আরও বেড়ে গেলে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক।
৮১ বছর বয়সী সাবেক ডিফেন্ডার সিসিইউ তে ভর্তি আছেন। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই ফুটবলারের সতীর্থ প্রতাপ শঙ্কর হাজরা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পিন্টু ভাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছে। আমি একটু আগে হাসপাতালে এসেছি। এখন দেখা যাক কী হয়।’
জাকারিয়া পিন্টু শুধু স্বাধীন বাংলা দলের অধিনায়কই ছিলেন না, খেলোয়াড়ি জীবন শেষে সংগঠকও ছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডানের পরিচালক পদেও কাজ করেছেন।
এর আগে দীর্ঘদিন ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংকে নেতৃত্ব দিয়েছেন পিন্টু। ১৯৪৩ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্ম নেওয়া এই কিংবদন্তি ফুটবল শুরু করেছিলেন পঞ্চাশের দশকের শেষ দিকে। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। সেই ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডাগআউট সামলেছেন জাতীয় দলেরও।









