ঘরোয়া ফুটবলে নতুন আকর্ষণ চ্যালেঞ্জ কাপ। ইউরোপের ফুটবলের আদলে বাংলাদেশে এমন টুর্নামেন্ট প্রথমবারের মতো যাত্রা করতে যাচ্ছে। শুক্রবার ট্রফির জন্য মুখোমুখি হতে যাচ্ছে জায়ান্ট বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং। কিংস অ্যারেনায় এই ম্যাচকে সামনে রেখে দুই দলই শক্তির নিক্তিতে নিজেদের এগিয়ে রাখতে চাইছে। তবে সাদা চোখে আজ মোহামেডানের পরীক্ষিত মালির স্ট্রাইকার সোলেমানে দিয়াবাতে তুরুপের তাস হতে পারেন। যদিও কিংসে আছে ফ্রান্সের জারেদ খাসা!
পরিষ্কার করে বললে দিয়াবাতে যেকোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। টানা কয়েক মৌসুম ধরে খেলা দীর্ঘদেহী দিয়াবাতেকে আটকে রাখা কঠিন। সাদা-কালোরা আগে যে সাফল্য পেয়েছে, এর পেছনে দিয়াবাতের অবদান কম নয়। বিশুদ্ধ ‘নম্বর নাইন’ হিসেবে কোচ আলফাজের বড় ভরসার নাম তিনি। হেডওয়ার্ক কিংবা পায়ের কাজ দেখার মতোই। তাই তো মালির ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ দলে খেলানোর আবেদন নিয়ে সমর্থকরা সোচ্চার। আজও ট্রফি জয়ে অবদান রাখবেন, এমনটি প্রত্যাশা তাদের। সঙ্গে মোজাফফরভ কিংবা ইমানুয়েল টনিসহ অন্যরা তো আছেনই। রাফি-রহিম উদ্দিনদেরও পরীক্ষা। সম্ভাব্য ৪-৩-৩ ছকে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যাবে সাদা-কালোদের।
বিপরীতে খাসা এখনও পরীক্ষায় বসতে পারেননি। এএফসি চ্যালেঞ্জ লিগে চোটের কারণে বসে থাকতে হয়েছে। রোমানিয়ান কোচ পরখ করার সুযোগ পাননি। আজও শুরু থেকে নামতে পারবেন, তারও নিশ্চয়তা নেই। নেই ব্রাজিলিয়ান রবিনহো, দোরিয়েলতনও। তাদের জায়গায় যারা এসেছেন এখনও আস্থার প্রতিদান দিতে পারেননি। মিগেল-ফেরনানদেজ থাকলেও নম্বর নাইন খেলানো নিয়ে যত চিন্তা।
২৬ বছর বয়সী খাসা ফিট নন। তার ক্লাব ক্যারিয়ারে অনেকটা সময় কাটিয়েছেন সুইজারল্যান্ডের লিগে। সবশেষ খেলেছেন ইউক্রেইনের দল কারপাতি লভিভে। বাংলাদেশে এসে সুবিধা করতে পারছেন না। চোট লেগেই আছে। কিংসের কোচকে তাই আজ আগের স্পেন কিংবা বর্তমান বাংলাদেশের মতো সম্ভাব্য ৪-৪-২ ফর্মেশন অনুসরণ করতে হচ্ছে। বসুন্ধরা কোচ তিতার কথা, ‘নানান কারণে নম্বর নাইন পজিশন নিয়ে সমস্যা রয়েছে। খাসা হয়তো শুরু থেকে নাও খেলতে পারে। অন্য যারা রয়েছে তাদের ওপর আমার আস্থা রয়েছে। হয়তো আগের স্পেন কিংবা বর্তমান বাংলাদেশের স্টাইলে আমরা খেলতে পারি। এছাড়া কিছু করার নেই। এই মুহূর্তে যোগ্য নম্বর নাইন আমার হাতে সেভাবে নেই।’
প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপে ট্রফি জয়েই চোখ সবার। যেন স্মরণীয় হয়ে থাকা যায়। কিংস অ্যারেনা মাঠে রোমানিয়ান নাকি স্বদেশি কোচের ঝলক দেখা যাবে তা পরিষ্কার হবে বিকালেই।









