এই মৌসুমে চোট-ধাক্কায় জর্জরিত রিয়াল মাদ্রিদ। সর্বশেষ গতকাল চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপ্পের চোট নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। তবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করে বলেছেন, হয়তো খুবি বেশি গুরুতর নয় ফরাসি তারকার চোট।
আতালান্তার বিপক্ষে ৩-২ গোলের জয়ের মঞ্চটা গড়ে দেন এমবাপ্পে। শুরুর গোলটাই করেন ফরাসি ফরোয়ার্ড। কিন্তু গোল করার পর খুব বেশিক্ষণ থাকতে পারেননি। ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে গেছেন। তার চোট নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পে কোমড়ের নিজের দিকে অস্বস্তি বোধ করেছে। দেখে খুব গুরুতর মনে হয়নি। তবে পরীক্ষার পরই বোঝা যাবে। সে দৌঁড়াতে পারছিল না, এটাই তাকে ভোগাচ্ছিল। তাই আমরা তাকে উঠিয়ে নিয়েছি।’
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই বাজে ফর্মের জন্য সমালোচিত হচ্ছেন এমবাপ্পে। ক্লাবটিতে যোগ দেওয়ার পর গতকালই আতলান্তার বিপক্ষে সেরা ম্যাচ উপহার দিয়েছেন। ১০ মিনিটে এনে দেন অগ্রগামিতা। কিন্তু তার সেরা পারফরম্যান্স স্থায়ী হয়েছে মাত্র ৩৫ মিনিট। মাটিতে পড়ে গেলে বদলি হয়ে মাঠ ছাড়ার কথা জানান তিনি। তার জায়গায় মাঠে নামেন রদ্রিগো।
পূর্ণ তিন পয়েন্ট পেয়ে রিয়াল মাদ্রিদ ৩৬ দলের টেবিলে ৯ পয়েন্টে ১৮তম স্থানে রয়েছে। সরাসরি শেষ ষোলোয় যেতে থাকা লাগবে শীর্ষ আটে। কিন্তু এখন সেই অবস্থান থেকে তিন পয়েন্ট দূরে তারা। ম্যাচ বাকি আর দুটি। জয় পেয়ে আনচেলত্তি বলেছেন, ‘জয়টা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। কারণ এখানে সবাই জয় পায় না। আমরা ভুগেছি এবং লড়াই করেছি। আর ভোগান্তি ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ হয় না।’








